১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে

সোমবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। 

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

পরে শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ডের আদেশ দেয়।

এদিন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। 

এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ২২০ জনকে আসামি করা হয়। 

এর আগে সোমবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশিকে তার ভগ্নিপতি রাশিদুল ইসলামের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিশি ও তার স্বামী সেখানে ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। রাশিদুল উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

নিশির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

গ্রেপ্তার বেনজীর হোসেন নিশি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সাবেক সভাপতি।

সাতক্ষীরা সীমান্তে ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার