ঢাকায় দিনভর বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ
ঢাকার বাইরে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে কুষ্টিয়া জেলায় ৭৯ মিলিমিটার।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। রোববার দিনভর ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আবহাওয়াবিদ বজলুর রশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে কুষ্টিয়া জেলায় ৭৯ মিলিমিটার।
তিনি বলেন, সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমবে।
“ঢাকায় কাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমা শুরু করবে। বিকেলের পর হয়তো তা থেমে যাবে।”
রোববার ঢাকার বনানী, চেয়ারম্যাবাড়ি, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও সড়কের পাশে অল্প পানি জমে আছে। তবে সেটা খুব বেশি না।
খুব ভারি বৃষ্টি না হলেও সপ্তাহের প্রথম কর্মদিবসে দিনভর ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক জায়গায় সময়মত যানবাহন পাওয়া যায়নি। যানবাহন পেলেও বেশি ভাড়া গুণতে হয়েছে।
মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা আয়ান রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কুড়িল বিশ্বরোড যাওয়ার জন্য তাকে সিএনজি অটোরিকশায় ১০০ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে। অন্য সময় এখান থেকে ১৫০ টাকায় যেতে পারলেও এদিন ২৫০ টাকার কমে কেউ যেতে চাননি। কারণ হিসেবে বৃষ্টির কথা বলেছেন চালকরা।
বৃষ্টির মধ্যেই বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় বিমানবন্দর সড়কে যাত্রীর অপেক্ষায় ছিলেন মোটরবাইক চালক আসলাম হোসেন। বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম। অন্যদিন দুপুরের আগেই এক হাজার টাকার মতো আয় হলেও বিকাল ৩টা পর্যন্ত ট্রিপ মেরেছেন ৮০০ টাকার।
তেজগাঁও এলাকার রিকশাচালক সানোয়ার হোসেন বলেন, “বৃষ্টিতে মানুষজন তো বাইরে বাইর হয় নাই। খালি রিকশা নিয়া ঘুরতাছি। মাঝেমধ্যে দুয়েকজন যাত্রী আসে। অনেকক্ষণ ভিজা ঠাণ্ডা লাগলে চায়ের দোকানে গিয়া এক কাপ চা খাইতাছি। আইজ ইনকাম ভাল না।”
মিরপুর ১১ নম্বরের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী নূসরাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির কারণে অফিস যেতে ভোগান্তি বেড়েছে তার। বৃষ্টিতে সড়কে কাদা-পানির মধ্যে রিকশায় করে অনেকটা ভিজে ভিজে মেট্রো স্টেশনে যান তিনি। ভাড়াও দিতে হয়েছে কিছুটা বেশি। মেট্রোতেও অন্যদিনের চেয়ে বেশি ভিড় ছিল।
বৃষ্টির ভোগান্তির কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ”মেট্রো থেকে নেমে অফিস পর্যন্ত যেতে আরেক দফা ভিজেছি। ভেজা শরীরে অফিস করায় এখন একটু পরপর কাশি হচ্ছে।”
দিনভর বৃষ্টি হলেওরাজধানীতে জলাবদ্ধতার তেমন খবর পাওয়া মেলেনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মকবুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে কিছু পানি জমেছে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি, যান চলাচলেও কোনো বাধা তৈরি করেনি।
“আমাদের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় যাচ্ছেন। কোথাও পানি জমে থাকলে তা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। আমাদের কাছে এলাকা ধরে ধরে প্রতিবেদন পাঠাচ্ছেন। তাতে ঢাকার কোনো সড়কে পানি জমে অচলাবস্থা তৈরি হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি।”
