Published : 09 Nov 2025, 07:04 PM
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৫ জন রোগী।
তাতে চলতি বছরের এ পর্যন্ত এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১৩ জনে। আর এর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে দুইজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুইজন ও বরিশাল বিভাগে দুইজন রয়েছেন।
নভেম্বরের ছয়দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৩৫ জন; এসময় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৮১ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু অক্টোবর মাসে, ৮০ জন। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে।
জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।