প্রাথমিকের বই ছাপার কাজ অধিদপ্তরকে দিলে সমস্যার সমাধান হবে না: টিআইবি
"এটি এনসিটিবিকে কেবল দুর্বলই করবে, লক্ষ্য অর্জনে গুণগত কোনো পরিবর্তন আনবে না। বরং এক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হবে মাত্র।"
অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পরিবর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তাতে 'সমস্যার সমাধান হবে না' বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, "এনসিটিবির সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায় অনুসন্ধানের পরিবর্তে 'মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার' মত প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত করার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব নয়।
"এটি এনসিটিবিকে কেবল দুর্বলই করবে, লক্ষ্য অর্জনে গুণগত কোনো পরিবর্তন আনবে না। বরং এক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হবে মাত্র।"
পাঠ্যপুস্তক প্রণয়ন থেকে শুরু করে বিতরণসহ সার্বিক কার্যক্রমে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে ‘স্বায়ত্তশাসন, স্বচ্ছতা, জবাবদিহিসহ প্রাতিষ্ঠানিক সুশাসন’ নিশ্চিতের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
এনসিটিবি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষাক্রম প্রণয়ন, মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে স্তরের শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
প্রতিবছরই সময়মত বই সরবরাহে ব্যর্থতা, মান নিয়ে প্রশ্ন এবং কাজের সমন্বয়হীনতার অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২২ সাল থেকে আলদাভাবে বই ছাপার দায়িত্ব পাওয়ার চেষ্টা করে আসছে।
এমন বাস্তবতায় এনসিটিবি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আইনের খসড়ায় প্রাথমিক স্তরের পাঠ্যবই এনসিটিবির পরিবর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মুদ্রণ ও বিতরণের প্রস্তাব করা হয়েছে, যার বিরোধিতা করছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, এনসিটিবির বাস্তব স্বায়ত্তশাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে, এ ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের নামে কোনো অ্যাডহক (অস্থায়ী) উদ্যোগ ‘ফলপ্রসূ হবে না’।
তার বদলে ‘সুশাসনের ঘাটতি ও ব্যাপক অনিয়ম-দুর্নীতির’ প্রতিকার ও প্রতিরোধের কার্যকর উপায় অনুসন্ধান করার তাগিদ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, "দুর্নীতিতে প্রত্যক্ষ ও যোগসাজশে জড়িত সবার দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিদ্যমান প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আলাদাভাবে পাঠ্যবই ছাপার এখতিয়ার অর্পণ করলে সংকট ও সমন্বয়হীনতা আরও বৃদ্ধি পাবে।
“অধিকন্তু তথাকথিত বিকেন্দ্রীকরণের ফলে বাস্তবায়নকারী সংস্থা দুটি হলেও কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা না গেলে এ সিদ্ধান্ত ফলপ্রসূ হবে না।"
টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন রাখেন, “সময়মতো বই সরবরাহে ব্যর্থতা, মান নিয়ে প্রশ্ন ও কাজের সমন্বয়হীনতার দায়ভার এককভাবে এনসিটিবির ওপর আরোপ করা আপাতদৃষ্টে স্বাভাবিক মনে হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কি দায় এড়াতে পারে?
"সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, স্বায়ত্তশাসনের পথে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিবন্ধকতার কারণে অদক্ষতা, অনিয়ম ও পেশাগত অবক্ষয়ের শিকার এনসিটিবি কার্যকরভাবে অর্পিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।”
তিনি বলেন, "এ ক্ষেত্রে পাঠ্যপুস্তক প্রণয়নসংশ্লিষ্ট সব বিষয়সহ দরপত্রপ্রক্রিয়া, মুদ্রণ, প্রকাশ ও বিতরণে এনসিটিবি যাতে সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার পায়, সে ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা ‘ব্যর্থতা ও অনিয়ম-দুর্নীতির’ কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
