ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান।
তিনি মনে করেন, এই বাজেট গত বছরের ধারাবাহিকতা মাত্র। গতবারের কিছু কর্মকাণ্ডকেই এর মধ্য দিয়ে সুসংহত করা হয়েছে।
বাজেটের আকার বড় হওয়ায় এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতির শিক্ষক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন," বিগত সময়ের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে অর্থনৈতিক ব্যবস্থার বড় ধরণের উন্নতি না হলে শুধু কাগজে-কলমে বরাদ্দ দিয়ে খুব একটা লাভ হবে না।"
দু'টি উদ্বেগের বিষয় চিহিৃত করে সাবেক অর্থ সচিব ও এনবিআর এর চেয়ারম্যান আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারও বিদ্যুত খাতে বেসরকারি বিনিয়োগের উপর নির্ভর করা হয়েছে। ফলে গত বছরের মতো এক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা কম। একই সঙ্গে বিদেশে শ্রমিক পাঠানোর হার কমে যাচ্ছে- অর্থমন্ত্রী এমন কথা বললেও, এ নিয়ে খুব বেশি উদ্যোগের কথা বলেননি তিনি।"
সাবেক দুই উপদেষ্টাই মনে করেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর বাস্তবায়নই হবে এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "গত বছরের তুলনায় এডিপির আকার ৩৫ শতাংশ বাড়ানোয় সংশয় বেড়েছে। এটি বাস্তবায়নের জন্য প্রশাসনকে অনেক বেশি সক্রিয় ও গতিশীল করতে হবে।"
অন্যদিকে আকবর আলি বলেন, "আমাদের চাহিদা অনেক বেশি। সমস্যা অনেক। তাই এডিপির আকার ছোট করে সমস্যার সমাধান হবে না। বরং এটি বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে।"
আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩৮ হাজার ৫০০ কোটি টাকা অনুমোদন করেছে সরকার।
যা চলতি অর্থবছরের চেয়ে ১০ হাজার কোটি টাকা বেশি।
আগামী অর্থবছরের জন্য এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ৯১০টি। এর মধ্যে ৯৪টি নতুন প্রকল্প এবং ৮১৬টি প্রকল্প চলতি অর্থ বছরের এডিপি থেকে স্থানান্তরিত।
আগের অর্থবছরগুলোতে বরাদ্দ দেওয়া এডিপির পুরো অর্থ কখনোই বাস্তবায়ন হয়নি।
স
bdnews24