১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরবা প্লাজায় শ ম রেজাউল করিমের চেম্বারে এক কক্ষে আগুন

ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ এবং একজন নারীকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

মেহেরবা প্লাজায় শ ম রেজাউল করিমের চেম্বারে এক কক্ষে আগুন

রোববার সকালে ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজার পঞ্চদশ তলায় আগুন লাগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 10:38 AM

Updated : 21 Jan 2024, 08:00 PM

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন লেগে পুড়ে গেছে সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বারের একটি কক্ষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ১৬ তলা মেহেরবা প্লাজার পঞ্চদশ তলায় আগুন লাগে।

খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে গিয়ে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখানে ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ এবং একজন নারীকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আর কারো আহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। 

কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি শাহজাহান শিকদার।

শাহবাগ থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, আগুনের সূত্রপাত হয় সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের চেম্বারের একটি কক্ষে। আগুন লাগার খবর পেয়ে তিনি চেম্বারে ছুটে আসেন।

এ বিষয়ে শ ম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এলাকা থেকে আসা লোকজনের বসার জন্য আমার চেম্বারের সম্পূর্ণ বাইরে একটি কক্ষ আছে। সেখানে এক কর্ণারে কিছু বর্জ্য ফেলা ছিল, সেখানে আগুন লেগেছে।

“তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।আমার চেম্বারের আগুন লাগেনি, আমি আজকে দুপুর ১টা ৫৬ মিনিটে অফিসে এসে অফিস করেছি।”