২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

মামলার ১৩ বছর পর গত বছরের ৭ সেপ্টেম্বর ফজর আলী গাজীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 05:01 PM

Updated : 09 Aug 2023, 05:03 PM

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

কারারক্ষী মো. পিয়াস জানান, মো. ফজর আলী গাজী নামের ৭১ বছর বয়সী ওই হাজতি বুধবার ভোর ৫টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

“আমরা দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।“

ফজর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

মো. ফজর আলী গাজীর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে শ্যামনগরের কদমতলায়।

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালের ২৬ অগাস্ট একটি মামলা করেন চন্দনা রাণী মণ্ডল নামের এক নারী। ওই মামলায় ফজর আলীসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলা হওয়ার ১৩ বছর পর গত বছরের ৭ সেপ্টেম্বর ফজর আলী গাজীসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।