১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফতাবনগরে পশুর হাট বন্ধে আইনি নোটিস

“স্থানটি উত্তর সিটি করপোরেশনের, তাই দক্ষিণ সিটির ওই বিজ্ঞপ্তি অবৈধ,” বলেন ইউনুস আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 09:29 PM

Updated : 15 Apr 2024, 09:29 PM

কোরবানির ঈদে রাজধানীর আফতাবনগরে যাতে পশুর হাট বসানো না হয়, সেজন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। 

গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এ নোটিস পাঠান। 

ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ এপ্রিল প্রকাশিত ইজারার কার্যক্রম স্থগিত করতে নোটিসে তিন দিন সময় দেওয়া হয়। সেটি না হওয়ায় এখন তিনি রিট আবেদন করবেন। 

নোটিসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। 

গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরে সম্পত্তি বিভাগ দরপত্র আহ্বান করে। দরপত্রে ঈদুল আজহার দিনসহ পাঁচদিন কোরবানির পশুর হাট বসানোর হবে বলা হয়েছে। 

ইউনুছ আলী আকন্দ বলেন, “স্থানটি উত্তর সিটি করপোরেশনের, তাই ওই বিজ্ঞপ্তি অবৈধ। সে কারণে বিজ্ঞপ্তিটির কার্যকারিতা স্থগিত করতে বলা হয়েছে নোটিসে। একই সঙ্গে পরিবেশ দূষণের কারণে এখানে হাট বসানোও ক্ষতিকর বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।” 

নোটিসে বলা হয়, “গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে। গরু-ছাগলের নানাবিধ বর্জ্যে এলাকাটির পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। এছাড়া প্রধান সড়কটি ও জহিরুল ইসলাম সিটি (আফতাবনগর) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে সারা বছরেই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় আফতাবনগরে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়।”