১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাজিমুদ্দিন সামাদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে

২০১৬ সালের ৬ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার মেসে ফেরার পথে নাজিমুদ্দিন সামাদকে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।

নাজিমুদ্দিন সামাদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 06:25 PM

Updated : 04 Jul 2023, 06:25 PM

কারাগারে থাকা আসামিদেরকে এজলাসে হাজির না করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় পলাতক আসামি চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পিছিয়ে গেছে।

মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আগামী ৩০ অগাস্ট অভিযোগ গঠনের দিন ঠিক করে দিয়েছেন।

এ নিয়ে মামলায় ৮ বার অভিযোগ গঠনের তারিখ পেছাল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের পেশকার পারভেজ আহমেদ ভূঁইয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির বলেন, “বেশিরভাগ তারিখেই সকল আসামিকে হাজির করতে না পারায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়। আইন অনুযায়ী অভিযোগ গঠনের সময় সকল আসামিকে এজলাসে হাজির থাকতে হয়। কেননা প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে, অব্যাহতি চাওয়ার অধিকার রয়েছে। আর সকলকে অভিযোগ পাঠ করে শুনাতে হয়।পরে তাদের প্রশ্ন করতে হয়, এই অভিযোগে তারা দোষী না নিদোর্ষ।”

মামলার আসামিদের মধ্যে জিয়া ছাড়াও আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহের ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ পলাতক।

কারাগারে আটক আছেন রশিদুন নবী ভূইয়া ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ।

২০২২ সালের ১৭ জানুয়ারি মেজর জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর একই বছরের ২৩ ফেব্রুয়ারি পলাতক ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন বিচারক।

পুরানো খবর:

নাজিমুদ্দিন সামাদ হত্যা: বিচার শুরু হয়নি ৭ বছরেও

পুরানো খবর:

আসামিরা গরহাজির, পেছাল নাজিমুদ্দিন সামাদ হত্যামামলার অভিযোগ গঠন

পুরানো খবর:

নাজিমুদ্দিন হত্যা মামলা: জিয়াসহ ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ

পুরানো খবর:

নাজিমুদ্দিন সামাদ হত্যার ৪ বছর পর অভিযোগপত্র

২০১৬ সালের ৬ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার মেসে ফেরার পথে নাজিমুদ্দিন সামাদকে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।

পরদিন সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০২০ সালের ২০ অগাস্ট চাকরিচ্যুত মেজর জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।