১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআইয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান প্রধান বিচারপতির

“এআই-এর প্রয়োগ বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম, বিধায় এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি সম্মিলিত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োজন,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 03:27 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে যেসব নৈতিক ও আইনি চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন, “আধুনিক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এআইএর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নৈতিক ও আইনি চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় আমাদেরকে নতুন করে প্রস্তুত হতে হবে।”

বৃহস্পতিবার দুবাইয়ে ‘গ্লোবাল গভর্নমেন্ট সামিটে’ তিনি এ মন্তব্য করেন বলে আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরিতে ‘রেগুলেটরি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ (আরআইএ) এবং বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার ক্ষেত্রে নাগরিকের ব্যক্তিগত অধিকার রক্ষার প্রয়োজনীয়তায় গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “এআই-এর প্রয়োগ বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম, বিধায় এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি সম্মিলিত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োজন। 

“তাই এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বপূর্ণ।”

অধিবেশনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের মিনিস্টার অব স্টেট ও সেক্রেটারি মরিয়াম আল হাম্মাদি। অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, আইনজ্ঞ  ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।