২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি-বজ্রপাতের মধ্যে ঢাকার মিরপুরে ৪ জনের মৃত্যু

মৃতদের মধ্যে তিনজন এক পরিবারের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 09:41 AM

Updated : 20 Jan 2024, 09:41 AM

সন্ধ্যার পর থেকে অবিরাম বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি মোড়ে এক নারী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “ওই সময় বজ্রপাত হচ্ছিল। তাই বিষয়টি পরিষ্কার নয় রাস্তার জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে না বজ্রপাতে তারা মারা গেছেন।”

মৃতদের মধ্যে তিনজন এক পরিবারের। তারা হলেন মিজান, তার স্ত্রী মুক্তা ও মেয়ে লিমা। অনিক নামে অন্যজন অটোরিকশা চালক।

ওসি মহসিন বলেন, “রাস্তায় লেবুর শরবত বিক্রি করে মিজান। তাদের উদ্ধার করতে গিয়ে অনিক মারা যায়।

লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান ওসি।

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে সন্ধ্যার পর থেকে অবিরাম বর্ষণ চলে ঢাকায়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান।

পুরো ঢাকা শহরে জলজটে তৈরি হয় যানজট, তাতে মধ্যরাতেও ভোগান্তিতে ছিল মানুষ।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)