২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গ্রেপ্তার ছাত্রলীগের জোবায়েরকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

জুলাই আন্দোলনের মধ্যে ঢাকার কোতয়ালী থানার একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষীত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।  

তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। 

এর আগে এদিন জোবায়েরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই হাবিব ফয়সাল। 

আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান মেরিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেইটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে বলে জোবায়েরের আইনজীবী মেহেদী হাসান মেরিন জানিয়েছেন।

বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন জোবায়ের। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

তাকে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়। এদিন তাকে ঢাকার আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মামলার বিবরণীতে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে কোতয়ালী থানার রায়সাহেব বাজার এলাকায় আন্দোলনে অংশ নেন ২৪ বছর বয়সী সোয়েব শাহরিয়ার সিভান।

ওইদিন দুপুর দেড়টার দিকে আসামিদের গুলিবর্ষণে গুরুতর জখম হন তিনি। পরবর্তীতে সিভান হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় কোতয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর আরেক সহযোদ্ধা ইরফান আহমদ।