২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে রায় কার্যকর করা হবে: টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নিউ ইয়র্ক থেকে শিহাব উদ্দিন কিসলু নিউ ইয়র্ক, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। কানাডায় তিন দিনের সফর শেষে ফিরে মঙ্গলবার নিউ ইয়র্কের হোটেল ক্রাউন প্লাজায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "পলাতক খুনীদের দেশে ফেরত নেওয়ার বিষয়ে বিদেশী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো বাধা নেই। বরং তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। "তবে সংশ্লিষ্ট রাষ্ট্রের আইন অনুযায়ী সব পদ্ধতি অনুসরণ করেই তাদেরকে দেশে ফেরত নেওয়া হবে। এজন্য কিছু সময় প্রয়োজন।" এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে গোলাম আজম কখনোই চোখের আড়ালে যাচ্ছে না। সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় তদন্তের পর ট্রাইব্যুনােেলর নির্দেশ মোতাবেকই গোলাম আজমের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।" যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিএনপিকে শক্ত অবস্থান নেওয়ার আহবান জানিয়ে শামসুল হক 'মিস গাইডেড' রাজনীতি থেকে খালেদা জিয়াকে সঠিক রাজনৈতিক পথে ফিরে আসার আহবান জানান। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে টুকু বলেন, "দেশের স্বাধীনতা এবং বাংলাদেশ ও বাঙ্গালী জাতির অস্তিত্বের প্রশ্নেই সত্যিকার দেশপ্রেমে ঐক্যবদ্ধ হওয়ার পথই মুক্তির একান্ত পথ।" দেশে শক্তিশালী গণতান্ত্রিক একটি বিরোধী দল থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ওদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে উত্তর বঙ্গ ফাউন্ডেশন আয়োজিত এক মত বিনিময় সভায় শামসুল হক টুকু দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "জাতীয় সমস্যাকে চিহ্নিত করে তার সমাধান না করা গেলে অন্য কোনো সমস্যাই সমাধান করা সম্ভব নয়।" "যারা শুধু দূরভিসন্ধি নিয়ে আছে এবং যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় তারাই দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।" বলেন তিনি। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে টুকু আরো বলেন, "হত্যা, খুন ও ষড়যন্ত্রের পুরনো রাজনীতির সংস্কৃতি পরিত্যাগ করুন। বঙ্গবন্ধুর খুনীদের রক্ষা করার রাজনীতি অতীতে হয়তো থাকতে পারে কিন্তু এখন কেনো সেই সংস্কৃতি অনুসরণ করতে হবে?" বিএনপির উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়ে টুকু বলেন, গণতন্ত্রের শাসন টেকসই হলেই দেশের সত্যিকারের উন্নতি হবে। কেবল রাজনৈতিক নেতাদের একক চেষ্টায় কিছু করা সম্ভব নয়। সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু জানান, বিচার বহির্ভুত কোনো হত্যাকাণ্ডই সরকার সমর্থন করে না। সরকার বিশ্বাস করে কেউই জবাবদিহিতার উর্দ্ধে নয়। উত্তরবঙ্গ ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম আবু তালহা ও বরেন্দ্রভূমি কল্যাণ সমিতির চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু বক্তব্য রাখেন। গত বছরের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত অপরজন আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/কেএমএস/১৫০২ ঘ.