২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ফারুককে দাফন

ফাঁসির আদেশ কার্যকরের পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি সৈয়দ ফারুক রহমানকে বৃহস্পতিবার সকালে নওগাঁয় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:29 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নওগাঁ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাঁসির আদেশ কার্যকরের পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি সৈয়দ ফারুক রহমানকে বৃহস্পতিবার সকালে নওগাঁয় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে। সাবেক সেনা কর্মকর্তা ফারুকের বাড়ি নওগাঁ সদর উপজেলার মার্মা মল্লিকপুর গ্রামে লাশ পৌঁছে সকাল ৯টার দিকে। লাশ গ্রহণ করেন ফারুকের চাচাতো ভাই আসাদুর রহমান। ফারুকের মা মাহমুদা রহমান, বোন ইয়াসমিন রহমান ও ভগ্নিপতি আশফাক রহমানও সেখানে ছিলেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সোয়া ১০টার সময় গ্রামের পারিবারিক কবরস্তানে ফারুককে দাফন করা হয়। এর আগে গ্রামের পুরাতন মসজিদে তার জানাজা হয়। এতে পাঁচ শতাধিক গ্রামবাসী অংশ নেয়। নওগাঁয় ফারুকের গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ থাকেন না। বুধবার রায় পর্যালোচনার আবেদন খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন ফারুক রহমান; তবে তা নাকচ হয়। বিতর্কিত রাজনৈতিক দল ফ্রিডম পার্টির চেয়ারম্যান ছিলেন ফারুক। এরশাদ আমলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেন। মাহমুদা রহমান বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছেলে ফারুকের সঙ্গে শেষ দেখা করেন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফারুকসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.