২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেই হয়ে যেতে পারে ফাঁসি

সুপ্রিম কোর্টে সকালে রায় পর্যালোচনার আবেদন নাকচ করার পর ঘটনাক্রমের নাটকীয় দ্রুততা ও কারা কর্তৃপক্ষের তৎপরতায় ইঙ্গিত মিলেছে বুধবার রাতেই ফাঁসি হয়ে যেতে পারে বঙ্গবন্ধু হত্যাকারী পাঁচ সাবেক সেনা কর্মকর্তার। প্রদীপ চৌধুরী'র পর্যবেক্ষণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:21 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে সকালে রায় পর্যালোচনার আবেদন নাকচ করার পর ঘটনাক্রমের নাটকীয় দ্রুততা ও কারা কর্তৃপক্ষের তৎপরতায় ইঙ্গিত মিলেছে বুধবার রাতেই ফাঁসি হয়ে যেতে পারে বঙ্গবন্ধু হত্যাকারী পাঁচ সাবেক সেনা কর্মকর্তার। সরকারি কয়েকটি সূত্র এমনই ইঙ্গিত দিয়ে জানাচ্ছে, বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই ফাঁসি কার্যকর শুরু করার প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে ফাঁসির স্থান ও সময় গোপন রাখা হবে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, "৩১ জানুয়ারীর মধ্যেই ফাঁসি কার্যকর করা হবে।" এরপরই কারাগারে বন্দি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ ও এ কে এম মহিউদ্দিনের স্বজনদের ডেকে পাঠান কারা কর্মকর্তারা। প্রচলিত রেওয়াজের বাইরে গিয়ে কারাবন্দি পাঁচ আসামীর ২০/২৫ জন করে আত্মীয় একে একে দেখা করেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের সঙ্গে। রাত ১০ টার পরেও তাদের ডেকে নিয়ে দেখা করানোর ঘটনা দৃশ্যত অস্বাভাবিক বলে মানছেন সরকারি র্শীষ কর্মকর্তারা। সাক্ষাত শেষে কারগার থেকে বেরিয়ে আসা স্বজনদের প্রায় সবারই চোখে মুখে 'আসন্ন বিপদের' উৎকণ্ঠা দেখেছেন আমাদের প্রতিবেদকরা। সন্ধ্যায় করা সৈয়দ ফারুক রহমানের প্রাণ ভিক্ষার আবেদন স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে বঙ্গভবন থেকে নাকচ হয়ে যাওয়ার ঘটনাতে অতি শিগগির ফাঁসি কার্যকর করার ইঙ্গিত আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে দেখাও করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২২১৫ ঘ.