ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর প্রত্যক্ষ হত্যাকারীদের বিচার হলেও ষড়যন্ত্রকারীরা নেপথ্যে থেকে গেছে বলে মন্তব্য করেছেন আব্দুল কাদের সিদ্দিকী।
তিনি এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় ওই হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম কাদের সিদ্দিকী বলেন, "বঙ্গবন্ধুকে হত্যা মানে একটি মানুষকে হত্যা নয়, তাকে হত্যা করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা। এ স্বাধীনতা হত্যাকারীদের নেপথ্য হোতাদের খুঁজে বের করতে হবে।"
ওই হত্যাকাণ্ডের পর যারা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তাদেরও বিচার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর মোশতাক প্রেসিডেন্ট হন। তখন বঙ্গবন্ধু সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও শপথ নিয়েছিলেন।
বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে ওই বছরই সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল দাবি করে কাদের সিদ্দিকী বলেন, "প্রায় সাড়ে ৯হাজার সহযোদ্ধা নিয়ে রংপুর থেকে সিলেটের প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত এলাকা আমরা দখল করে নিয়েছিলাম। বেশ কিছু সেনা ও বিডিআর ঘাঁটি এবং থানাও আমাদের দখলে এসেছিল।
"কিন্তু ভারতের রাজনৈতিক পট-পরিবর্তনে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৭৭ সালের জুলাইয়ে আমাদের সাড়ে ছয় হাজার সহযোদ্ধাকে জিয়াউর রহমানের হাতে তুলে দেন। এটা না করলে তখন বাংলাদেশে আমাদের সরকার প্রতিষ্ঠিত হতো।"
১৯৭৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকেই তারা বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তোলেন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিভিন্ন স্থানে তাদের সঙ্গে খণ্ড যুদ্ধ হয়। এসময় তার ৭২জন যোদ্ধাও নিহত হন।
এমন একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, "আমাকে ধরতে গিয়ে '৭৫ এর অক্টোবরে পাবনায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়। এতে ১৭ থেকে ১৮ জন সেনাসদস্য নিহত হয়।"
বঙ্গবন্ধু হত্যার দিনই লিফলেট ছাপানোর কথা উল্লেখ করে তিনি জানান, তাতে লেখা ছিল, 'বঙ্গবন্ধুর তিন ছেলে মারা গেছে, কিন্তু এক ছেলে বেঁচে আছে, এ হত্যার প্রতিশোধ আমরা নেবোই।"
ওইসময় প্রতিরোধ গড়ে না তুললে তখন আওয়ামী লীগ মনোভাবাপন্নদের নিশ্চিহ্ন করে ফেলা হতো এমন মন্তব্য করে তিনি বলেন, "সেসময় জিয়াউর রহমান মোরারজি দেশাইকে বোঝাতে পেরেছিলেন, কিন্তু আওয়ামী লীগের অনুসারীরা পারেননি।"
কাদের সিদ্দিকী দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ১৯৯০ সালের ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরেন। এরপর আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দল থেকে তাকে বহিস্কার করা হলে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/২০২২ ঘ.
bdnews24