২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিরাপত্তায় বৃহস্পতিবার রায়

কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার আপিলের রায় দেবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 12:11 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার আপিলের রায় দেবে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে ৩৪ বছর পর অবশেষে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত এ ঘটনার বিচারের পরিসমাপ্তি ঘটতে চলেছে। আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সকাল ১১টায় রায় দেবে। ২৯ দিন শুনানির পর গত ১২ নভেম্বর এ মামলার আপিল আবেদনের ওপর রায়ের তারিখ ঠিক হয়। রায় ঘোষণার আগে আগে সুপ্রিম কোর্ট এলাকায় এখন কঠোর নিরাপত্তা। বসানো হয়েছে সিসিটিভি, আর্চওয়ে। চলেছে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রায়ের প্রতিক্রিয়ায় 'অতি উৎসাহী' হয়ে মিছিল-সমাবেশ না করার জন্য আওয়ামী লীগ ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ন্যায়বিচার প্রত্যাশা করে বলেছেন, জাতি এ রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাবার হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ের দিন দেশে থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ইতালি সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরছেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। সেনাবাহিনীর একদল 'বিপথগামী' সদস্য সেদিন ধানমণ্ডি ৩২ নাম্বারের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স্বজনসহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাইকে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ২০০১ সালে হাইকোর্টের তৃতীয় বিচারপতি ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এরপর আসামিরা আপিল আবেদন করে। রায়ের সময় বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সকাল ১১টায় ঐতিহাসিক এ মামলার রায় দেবে। ওই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বুধবার প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্য তালিকায় ১ নম্বর ক্রমিকে রয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল। সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানির জন্য গঠিত বেঞ্চ ১১টায় বসবে আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে। এটি প্রধান বিচারপতির বিচার কক্ষ। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ছুটিতে যাওয়ায় বিচারপতি তাফাজ্জাল ইসলাম বৃহস্পতিবার পালন করবেন বিচারপতির দায়িত্ব। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার সাংবাদিকদের বলেন, "এ রায়ের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।" রায় ঘিরে নাশকতা হতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ জন্য সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অন্যতম ইউসুফ হোসেন হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। এ মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।" একই আশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, "হত্যাকাণ্ডের ৩৪ বছর পর চূড়ান্ত বিচার হতে যাচ্ছে। ন্যায় বিচার পাবো বলেই আশা করছি।" সুপ্রিম কোর্টে নিরাপত্তা বঙ্গবন্ধু মামলার রায় ঘিরে সপ্তাহের শুরু থেকেই সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। দুটি ফটক দিয়ে তল্লাশির পরই সবাইকে আদালত এলাকায় ঢুকতে হচ্ছে। ১ নম্বর বিচার কক্ষে নিরাপত্তার জন্য বুধবার একটি আর্চওয়ে বসানো হয়েছে। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। বিকালে বসানো হয় সিসি ক্যামেরা। এর সরাসরি ধারণ করা চিত্রের ওপর প্রধান ফটকে কয়েকটি মনিটরে চোখ রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিচারপতিদের নিরাপত্তায় আগেই তাদের নিরাপত্তা বাড়ানো হয়। শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল মৃত্যুর হুমকি পাওয়ার পর তার নিরাপত্তাও বাড়ানো হয়। নিরাপত্তা জোরদার বঙ্গবন্ধু মামলার রায় ঘোষণা নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৈরি আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আইন-শৃঙ্খলাবাহিনী সর্বত্র সজাগ রয়েছে, সতর্ক আছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।" জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সাধারণদের চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা তল্লাশি করবে।" সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি তো তা (রেড অ্যালার্ট জারি) বলিনি। তবে সব জায়গায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।" নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকা ও আশপাশের সাংসদ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, আইজিপি, র‌্যাব মহাপরিচালক, এসবি, ডিবিসহ আইন শৃঙ্খলা সংস্থার প্রধানদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন জানান, ১৯ তারিখকে সামনে রেখে সুপ্রিম কোর্ট এলাকা, নিু আদালত প্রাঙ্গণ, কূটনৈতিক পাড়ায় 'নিরাপত্তা বেষ্টনী' গড়ে তোলা হয়েছে। আপিলের শুনানি ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বিচারপতির রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১২ আসামির মধ্যে কারাবন্দি চারজন বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদ একই বছর আপিলের আবেদন করে। ২০০৭ সালের ১৮ জুন দেশে ফেরত আনার পর ওই বছরের ২৪ জুন ফাঁসির অপর আসামি এ কে এম মহিউদ্দিন আপিলের আবেদন করে। হাইকোর্টের রায়ের পর ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর পাঁচটি যুক্তিতে আপিল বিভাগ আপিল শুনানির জন্য গ্রহণ করে। যুক্তি পাঁচটি হলো- হাইকোর্টের তৃতীয় বিচারপতি আইনসম্মতভাবে রায় দেননি, এজাহার দায়েরে বিলম্ব হয়েছে, সেনা বিদ্রোহ ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা এবং হাইকোর্ট সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে বিশ্লেষণ করেনি। আপিল বিভাগে বিচারপতি সঙ্কটের কারণে দীর্ঘদিন আপিল শুনানি ঝুলে ছিল। এ বছরের মাঝামাঝিতে চারজন বিচারপতি নিয়োগের পর আপিল শুনানি শুরুর উদ্যোগ নেওয়া হয়। গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক, শেষ হয় ১২ নভেম্বর। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে সরকার ১৮ জন আইনজীবী নিয়োগ দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করে আসছেন আনিসুল হক। মামলা দায়ের এবং বিচারিক আদালত ও হাইকোর্টের রায় '৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তখন কাউকেই মামলা করতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলার বাদি বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম এ কথা জানান। এরপর '৭৫ এর ২৬ শে সেপ্টেম্বর তৎকালীন মোশতাক সরকার ইন্ডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে। এ অধ্যাদেশের মাধ্যমে ১৫ আগস্ট ও তার পরবর্তী কার্যক্রমের বৈধতা দিয়ে এর বিরুদ্ধে কোনো আদালতের শরণাপন্ন হওয়ার পথ রুদ্ধ করা হয়। দীর্ঘদিন পর ১৯৯৬ সালে ক্ষমতায় ফিরে ওই বছরের ১২ নভেম্বর আওয়ামী লীগ সরকার দায়মুক্তি অধ্যাদেশটি বাতিল করলে বর্বরোচিত ওই হত্যার বিচারের পথ উন্মুক্ত হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মুহিতুল ধানমণ্ডি থানায় ২৩ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১২ মার্চ ঢাকায় দায়রা জজ আদালতে শুরু হয় বিচার। একই বছর ৭ এপ্রিল ওই আদালত ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মারা যাওয়ায় আসামির তালিকা থেকে বাদ পড়েন খন্দকার মোশতাক আহমেদ, মাহবুবুল আলম চাষী ও মোস্তফা আহমেদ। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ২০ আসামির ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এর আগেই আব্দুর রশিদের স্ত্রী হাইকোর্টের আদেশে মামলা থেকে অব্যাহতি পান। আসামি পক্ষের আবেদনে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় দেয়। বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্য বিচারপতি এ বিএম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশই বহাল রাখেন। ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম তার রায়ে ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে তিনজনকে খালাস দেন। আসামিরা কে কোথায় বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে বর্তমানে কারাগারে রয়েছে বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন ও মহিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এ কে এম মহিউদ্দিনকে ২০০৭ সালের ১৮ জুন দেশে ফেরত আনা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামি আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/এসকে/২০৪৩ঘ.