ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ আদালত এবং কারাগার ও তার আশেপাশে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা।
নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থার বাইরে হাইকোর্ট ও এর আশেপাশের এলাকায় মোতায়েন থাকবে ৫৯২ জন অতিরিক্ত পুলিশ সদস্য।
কোর্ট চত্বর ও ফটকগুলোতে ১০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া আদালত চত্বরে পুলিশের নিজস্ব কয়েকজন ভিডিওগ্রাফার কোর্ট চত্বরের ভিডিও ধারণ করবেন। হাইকোর্টের প্রধান ফটক ও মাজার সংলগ্ন ফটকে স্থাপন করা হয়েছে দু'টি মনিটরিং রুম।
হাইকোর্টের তিনটি প্রবেশ ফটকেই (প্রধান, মাজার ও বার কাউন্সিল ফটক) চলছে পুলিশ ও র্যাবের তল্লাশি। বাইরের যানবাহন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাজার গেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোর্ট ও মাজার এলাকায় 'উটকো লোকের' আনাগোনা বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের উপ কমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমনা জোনের ভেতরে হাইকোর্ট ও এর আশেপাশের এলাকার ৩৩টি পয়েন্টে ৫৯২ জন পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হবে। প্রতিটি স্থানে পুলিশের হাতে থাকবে মেটাল ডিটেক্টর।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারাগারের আশেপাশে বিভিন্ন উঁচু ভবনের ওপরও রয়েছে কড়া নজরদারি। ওই সব ভবনের বাসিন্দাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ভবনের ছাদে অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে দূরবীন দিয়ে নজর রাখা হচ্ছে।
কারাগারের বাইরের দেওয়াল ঘিরে কারারক্ষীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ।
কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারারক্ষীদের বাইরেও তাদের সাদা পোষাকের লোক কাজ করছে। কারাগারের বাইরে পুলিশের নজরদারি রয়েছে।
এছাড়া ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩২ নম্বর সড়কের দুই প্রবেশমুখে পুলিশের তল্লাশি থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৮৩৮ঘ.
bdnews24