২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাফায়াত জামিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত: কৌঁসুলি মামুন

জিয়া নয়, আরেক সেনা কর্মকর্তা শাফায়াত জামিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে এবার দাবি করেছেন এক আসামীর কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। আবার শাফায়াত জামিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খালেদ মোশাররফকে ঘটনার 'পেছনের কেন্দ্রবিন্দু' বলে আখ্যায়িত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া নয়, আরেক সেনা কর্মকর্তা শাফায়াত জামিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে এবার দাবি করেছেন এক আসামীর কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। আবার শাফায়াত জামিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খালেদ মোশাররফকে ঘটনার 'পেছনের কেন্দ্রবিন্দু' বলে আখ্যায়িত করেন তিনি। ২০ তম দিনের শুনানিতে রোববার আসামি একেএম মহিউদ্দিনের (ল্যান্সার) পক্ষে যুক্তিতর্ক শেষ করে মামুন বলেন, "এ হত্যাকাণ্ডের ঘটনার পেছনের কেন্দ্রবিন্দু হলেন খালেদ মোশাররফ। তার সেনাপ্রধান হওয়ার উচ্চাকাঙ্খা ছিল। জিয়াকে সেনাপ্রধান করা হয়নি বলে তার সঙ্গে সফিউল্লাহর মনোমালিন্য থাকতে পারে। এই মনোমালিন্যকে পুঁজি করে খালেদ মোশাররফ পেছন থেকে চাবিকাঠি নাড়ে।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ঘটনা বহুল নভেম্বরে সেনাবাহিনীর কর্মকর্তাদের একাংশের সহায়তায় সিজিএস বিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তখনকার কর্নেল শাফায়াত জামিলের সহায়তায় সেনা-অভ্যুত্থান করেন। জিয়াউর রহমানকে বন্দি করে নিজে সেনাবাহিনীর কর্তৃত্ব নেন। তবে কর্নেল তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বরে এক পাল্টা-অভ্যুত্থানে খালেদ মোশাররফ নিহত হন। জিয়া মুক্ত হয়ে নিজে আবার সেনাবাহিনীর কর্তৃত্ব নেন। দুই দিন বিরতির পর রোববার বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুনানি চলে। মামুনের বক্তব্যের পর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করে আদালত। তবে আসামি পক্ষের আরেক কৌসুলি খান সাইফুর রহমানকে বক্তব্য উপস্থাপনের জন্য আবার সুযোগ দিয়েছে আদালত। তিনি সোমবার আবার বক্তব্য দেবেন। শুনানির পর ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহ কর্নেল শাফায়াত জামিলকে তিনটি ব্যাটালিয়ান নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। কর্নেল শাফায়াত জামিল কেন সেই নির্দেশ মানলেন না তা তিনিই বলতে পারবেন।" মামুন সাংবাদিকদের বলেন, জিয়া শাফায়াত জামিলের কাছ থেকে বঙ্গবন্ধু হত্যার খবর পাওয়ার পর ভাইস প্রেসিডেন্টের সহায়তার সংবিধান সমুন্নত রাখার পরামর্শ দিয়েছিলেন। মামুন বলেন, "অর্থাৎ জিয়া চেয়েছিলেন দেশে যেন অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন না ঘটে।" প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তখনকার প্রধান আবদুর রউফের সঙ্গে খালেদ মোশাররফের সম্পর্ক ছিল দাবি করে মামুন বলেন, "তখন ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল খালেদ মোশাররফের কাছে। বঙ্গবন্ধুর বাড়িতে মোতায়েন থাকা রেজিমেন্টের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। তার নির্দেশে রউফ, শাফায়াত জামিল ও জিয়াউদ্দিন রক্ষীবাহিনী প্রধানকে রেডিও স্টেশনে নিয়ে যায়।" পনের আগস্টের হত্যাকাণ্ডের পেছনে কেবল গুটিকয়েক সেনা কর্মকর্তা নয়, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত ছিলেন মামুনের দাবি। আসামি একে এম মহিউদ্দিন আহমেদসহ (ল্যান্সার) আসামিরা সেনাবাহিনীর লোক উল্লেখ করে মামুন যুক্তিতর্কে বলেন, "বঙ্গবন্ধু ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এ ছাড়া ওই ঘটনায় সেনাবাহিনীর কর্নেল জামিল, শেখ জামাল ও একজন সেনাসদস্য নিহত হয়েছিলেন। বঙ্গবন্ধুসহ এই চারজনের হত্যাকাণ্ডের জন্য সেনা আইনে বিচার হতে হবে। বঙ্গবন্ধুর স্ত্রী, পুত্র শেখ কামাল, শেখ রাসেলসহ অপর যারা নিহত হয়েছিলেন তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে সাধারণ আইনে। এ ক্ষেত্রে দুটি বিচার হওয়া উচিত ছিল।" কিন্তু একটি বিচার হওয়ায় তা অবৈধ হয়েছে দাবি করে এ বিচার বাতিল হওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি। মামুনের বক্তব্য, পনের আগস্ট হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও পুনর্বিচার হওয়া দরকার। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপিল বিভাগের পুনর্তদন্ত ও পুনর্বিচার করার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। আসামি ল্যান্সার মহিউদ্দিনকে নির্দোষ দাবি করে তাকে খালাস দেওয়ার আবেদন করেন তার কৌঁসুলি। এর আগে ব্যারিস্টার মামুন বলেন, মেজর জিয়াউদ্দিন ও কর্নেল তাহেরকে চাকরিচ্যুত করা ও অস্ত্র উদ্ধারে সেনা সদস্যদের নিয়োগ করা সহ বিভিন্ন কারণে সেনাবাহিনীতে অসন্তোষ ছিল। মামুন আরো বলেন, সফিউল্লাহ তার সাক্ষ্যে বলেছেন, বাকশাল গঠন নিয়ে তার প্রশ্ন ছিল। কথিত বিদ্রোহের সঙ্গে এর সম্পর্ক কী এ আদালতের এ প্রশ্নের জবাবে মামুন বলেন, ফৌজদারি মামলায় মোটিভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেনাবাহিনীতে বেতন নিয়েও অসন্তোষ ছিল। আদালত মামুনকে বিদ্রোহের ব্যাখ্যা করতে বলেন। মামুন তখন বলেন, "পঁচাত্তরের ১৪ ও ১৫ আগস্ট সেনাবাহিনী কী ভূমিকা পালন করেছে, তা বিশ্লেষণ করলেই উঠে আসে বিদ্রোহের চিত্র। সেনাপ্রধান বিদ্রোহ দমনে যৌথ অভিযান শুরুর নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ পালন করা হয়নি। জিয়া ও খালেদ মোশাররফ জীবিত না থাকায় তাদের সাক্ষ্য নেওয়া যায় নি। তবে অপর সাক্ষীদের সাক্ষ্য থেকে তাদের ভূমিকা বোঝা যায়। " মামলা দায়েরে বিলম্ব বিষয়ে মামুন বলেন, ৩ নভেম্বরের ঘটনার পরদিন মামলা হয়েছে। কিন্তু ১৫ আগস্টের ২১ বছর পর মামলা করার বিলম্বের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের রায় কোন রায় নয় দাবি করে মামুন বলেন, একে মতামত বলা হয়। মামুনের বক্তব্য শেষ হওয়ার পর আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের (আর্টিলারী) পক্ষে খান সাইফুর রহমান অল্প সময়ের জন্য বক্তব্য দেন। তিনি সোমবার ১০ মিনিটের জন্য বক্তব্য দেবেন। এরপর রাষ্ট্রপক্ষে আনিসুল হক তার বক্তব্য উপস্থাপন শুরু করবেন। আপিলকারী চার আসামির পক্ষে যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। ব্যারিস্টার মামুন এর আগে আরেক আসামি বজলুল হুদার পক্ষে শুনানি করেন। আপিল আবেদনকারী দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি আবদুর রেজ্জাক খান। আসামি পক্ষের যুক্তিতর্কের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বক্তব্য দেবেন। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামিপক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্ব^র মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/এসকে/২০৩২ঘ.