ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার অষ্টাদশ দিনের শুনানিতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজ্জাক খান।
এরপর অপর আসামি একেএম মহিউদ্দিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে দেড়টা পর্যন্ত শুনানি চলে।
ব্যারিস্টার মামুন বৃহস্পতিবারও বক্তব্য দেবেন। তিনি এর আগে আরেক আসামি বজলুল হুদার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন। আপিল আবেদনকারী বাকি দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24