ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল শুনানিতে বক্তব্য রাখছেন আসামি সৈয়দ ফারুক রহমানের কৌঁসুলি খান সাইফুর রহমান।
সোমবার বেলা পৌনে ১০ টায় বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ষষ্ঠদশ দিনের শুনানি শুরু হয়।
খান সাইফুর বুধবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একেএম মহিউদ্দিন।
মৃত্যুদণ্ডে দণ্ডিত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/০৯৫৭ ঘ.
bdnews24