২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার চতুর্দশ দিনের শুনানি শেষ

বঙ্গবন্ধু মামলার চতুর্দশ দিনের শুনানিতে আসামি সৈয়দ ফারুক রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার কৌঁসুলি খান সাইফুর রহমান। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 05:03 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার চতুর্দশ দিনের শুনানিতে আসামি সৈয়দ ফারুক রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার কৌঁসুলি খান সাইফুর রহমান। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলে। রোববার শুনানিতে খান সাইফুর পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তিনি বুধবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। মামলার সংক্ষিপ্তসার দেরিতে জমা দেওয়ায় আপিল শুনানিতে সরকার পক্ষকে বিরত রাখতে তার আবেদন ওই দিন খারিজ করে আদালত। এদিকে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্যানেল আইনজীবী ফজলে নূর তাপসের গাড়িতে বুধবার রাতে বোমা হামলা হয়, তবে তিনি অক্ষত রয়েছেন। সাংসদ তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মনিকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একেএম মহিউদ্দিন। মৃত্যুদণ্ডে দণ্ডিত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৩৫ ঘ.