ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পুরো সেনাবাহিনী জড়িত ছিল দাবি করে এ মামলায় ফাঁসির আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, (তবে) তৎকালীন সেনা উপপ্রধান জিয়াউর রহমানের তেমন ক্ষমতা ছিল না।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিণতিতে প্রথমবার সামরিক আইন জারি করে দেশ শাসন শুরু করেন জেনারেল জিয়াউর রহমান। হুদার আইনজীবী হত্যাকাণ্ডের জন্য পুরো সেনাবাহিনীকে দায়ী করলেও দৃশ্যত জিয়াউর রহমানকে নির্দোষ বলে দাবি করেন।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানিতে মঙ্গলবার তিনি আরও বলেন, ওই হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে হওয়া উচিত।
এ মামলার আপিল শুনানিতে ব্যারিস্টার মামুন গত ৫ অক্টোবর থেকে পেপার বুক পড়া শুরু করেন। বৃহস্পতিবার থেকে হুদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে তা এদিন শেষ করলেন তিনি।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে পৌনে ২টা পর্যন্ত দ্বাদশ দিনের শুনানি চলে।
বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামি ফারুক রহমানের কৌঁসুলি খান সাইফুর রহমান।
ব্যারিস্টার মামুন শুনানিতে বলেন, "১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। তার গৃহীত কর্মসূচি থেকে বিরত রাখার জন্য তাকে দিয়ে ঘোষণা আদায় করাই ছিল উদ্দেশ্য। এ ঘটনায় সেনাবাহিনীর সবাই জড়িত ছিল।"
আদালত বলে, সবাই জড়িত থাকা বলতে কী বোঝাচ্ছেন? তাদের নাম বলুন?
জবাবে মামুন বলেন, "সেনাপ্রধান জেনারেল কেএম সফিউল্লাহ, কর্নেল সাফায়েত জামিল, খালেদ মোশাররফ এবং বিডিআর, রক্ষীবাহিনী, নৌ ও বিমান বাহিনীর তৎকালীন প্রধানরা ঘটনা রোধে অবহেলা করেছেন।"
"জিয়াউর রহমান ছিলেন উপ-সেনাপ্রধান। উপ-সেনাপ্রধানের তেমন ক্ষমতা থাকে না", একইসঙ্গে বলেন তিনি।
তখন আদালত বলে, জিয়াউর রহমান কি এ মামলায় আপনার কোনও যুক্তি উপস্থাপনের বিষয়? মূল বিষয়ে যুক্তি উপস্থাপন করুন।
ব্যারিস্টার মামুন বলেন, "তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ঘটনার দিন ফজরের আজানের সময় বিডিআর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমানকে বলেছিলেন, কতিপয় লোক রেডিও স্টেশন দখল করেছে, আপনি ব্যবস্থা নিন। কিন্তু তিনি এ বিষয়ে কোনও গুরুত্ব দেননি এবং কোনও ব্যবস্থা নেননি।"
তিনি বলেন, "হত্যাকাণ্ডের পর সকাল ৭টায় খালেদ মোশাররফ, জিয়াউর রহমানসহ অন্য সেনা কর্মকর্তারা সফিউল্লাহর বাসায় যান। তখন তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন। অপরদিকে খালেদ মোশাররফ ছিলেন খুশি-খুশি।"
"কিছু সংখ্যক সেনা কর্মকর্তা এই বিদ্রোহ ঘটিয়েছে। সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন দিয়েছে। ১৫ আগস্ট সেনাসদস্যরা একটি সফল বিদ্রোহ (কু) করেছে", বলেন তিনি।
হাইকোর্টের রায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ব্যারিস্টার মামুন বলেন, "বজলুল হুদা ষড়যন্ত্রে যুক্ত ছিলেন না। এ মামলায় তার সাজা হলে প্রকৃত হত্যাকারীরা সবচেয়ে খুশি হবে। তাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।"
মামুন আরও বলেন, "ঘটনার পর জিয়াউর রহমান ও এইচএম এরশাদের নির্বাচিত সরকার আসামিদের পুরস্কৃত করেছে বলে হাইকোর্টের রায়ের অভিমত ঠিক নয়। তাদের সেনাবাহিনীতে রেখে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।"
তখন আদালত বলেন, বজলুল হুদাসহ মাত্র দুইজন সেনাবাহিনীতে কর্মরত ছিল।
ব্যারিস্টার মামুন বলেন, "বঙ্গবন্ধুকে নেতা হিসেবে কারও অপছন্দ ছিল না। তার মতো নেতাই দেশ চালাতে পারতেন। সেনাসদস্যদের উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধুর নেওয়া কর্মসূচি প্রতিহত করা, তাকে হত্যা করা নয়। এ জন্য তাকে কক্ষ থেকে বের করে আনা হয়।"
তিনি বলেন, "১৫ আগস্টের আগে ২৫ জন গার্ডকে কুমিল্লা সেনানিবাস থেকে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়োজিত করা হয়। ঘটনার দিন তাদের কাউকেই হত্যা করা হয়নি।"
ব্যারিস্টার মামুন বলেন, "ডাকাতির সময় কেউ মারা যায় না, মারা যায় ভাগাভাগির সময়। তেমনি ভাগাভাগি নিয়ে ৩ ও ৭ নভেম্বরের ঘটনা ঘটেছে।"
আদালত বলেন, আমরা ৩ ও ৭ নভেম্বরের ঘটনার বিচার করছি না, ১৫ আগস্টের ঘটনার বিচার করছি।
ব্যারিস্টার মামুন বলেন, "আমি সেনাবিদ্রোহের কথা বলছি।"
তিনি বলেন, "আসামি যে আইনের অধীনে থাকে, সে আইনেই হত্যার বিচার হবে। ১৫ আগস্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন। আসামিরাও সেনাসদস্য। তারা সেনা আইনের অধীন। বিদ্রোহের ঘটনা প্রতিষ্ঠিত। তাই সেনাআইনে সামরিক আদালতে বিচার হবে।"
মামুন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসারও চারমাস পর মামলা হয়েছে। এই চার মাসের বিলম্বের কোনও ব্যাখ্যা রায়ে নেই। এ সময়ের মধ্যে ঘটনাটি সাজানো হয়েছে।
তিনি বলেন, এ মামলায় দায়রা আদালতের বিচারক ১৯৯৭ সালে সেনা সদর দপ্তরকে একটি চিঠি দিয়ে সেনাবাহিনীর অভিযুক্ত সদস্যদের ফৌজদারি আদালতে বিচারের অনুমতি চান। সেনা সদর দপ্তর থেকে এ বিষয়ে আপত্তি নেই বলে জানানো হয়েছিল।
শুনানির পর ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "দেড় হাজার সৈন্য এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এতে প্রমাণ হয়, পুরো সেনাবাহিনী ঘটনায় জড়িত ছিল। পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্র এতে জড়িত ছিল।"
তিনি বলেন, "সেনাবাহিনীতে নানা অসন্তোষ ছিল। রক্ষীবাহিনী গঠন করা এবং কর্নেল তাহের ও জিয়াউদ্দিন সেনাবাহিনী থেকে বাদ দেওয়ায় তা দানা বেঁধে উঠেছিল। এছাড়া পাকিস্তান ফেরত ও মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের বিরোধ এবং সফিউল্লার সঙ্গে জিয়া ও খালেদ মোশাররফের দন্দ্ব এ অসন্তোষের অন্যতম কারণ।"
তিনি বলেন, "সেনা আইনে সামরিক আদালতে এ ঘটনার বিচার হয়নি। সাধারণ আইনে বিচার হলে ভুল হবে। তাই মামলার রায় বাতিল করে পুনঃতদন্ত করে ঘটনার পুনরায় বিচার করতে হবে।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন।
মৃত্যুদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/এমআই/জিএনএ/১৭৩৫ ঘ.
bdnews24