২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার ১১তম দিনের আপিল শুনানি শেষ

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল আবেদনের ওপর ১১তম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার সকালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। আসামি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তার বক্তব্য উপস্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল আবেদনের ওপর ১১ তম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টা ৪২ মিনিটে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে শেষ হয়। আসামি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তার বক্তব্য উপস্থাপন করেন। গত ৫ আগস্ট এ মামলার আপিল আবেদনের শুনানি শুরু হওয়ার পর গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্কের প্রথম দিন আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার মামুন বলেন, "বঙ্গবন্ধু হত্যার সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, তবে হত্যাকাণ্ডের সময় বজলুল হুদার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতদৃষ্টিতে বজলুল হুদাকে খুনি বলা হলেও তিনি ছিলেন নির্দোষ।" যুক্তিতর্কের আগের দিন পর্যন্ত মামলার পেপার বুক উপস্থাপন করেন ব্যারিস্টার মামুন। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করছেন ১৮ জন আইনজীবী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এ বছরের মাঝামাঝিতে আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনাানি শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/কিউএইচ/জিএনএ/১৫০৫ ঘ.