২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সফিউল্লাহ ও একে খন্দকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

বঙ্গবন্ধু হত্যার সময় তখনকার সেনাবাহিনী প্রধান কেএম সফিউল্লাহ ও বিমানবাহিনী একে খন্দকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে রোববার শুনানিতে এ প্রশ্ন তুলে ব্যারিস্টার মামুন দাবি করেন, দণ্ডিত বজলুল হুদা নির্দোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যার সময় তখনকার সেনাবাহিনী প্রধান কেএম সফিউল্লাহ ও বিমানবাহিনী একে খন্দকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে রোববার শুনানিতে এ প্রশ্ন তুলে ব্যারিস্টার মামুন দাবি করেন, দণ্ডিত বজলুল হুদা নির্দোষ। সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে। গত ৫ অক্টোবর আপিল আবেদনের শুনানি শুরু হওয়ার পর রোববার দশম দিনের শুনানি হলো। শুনানির পর ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "যখন সেনানিবাস থেকে বঙ্গবন্ধুকে হত্যার জন্য সেনাবাহিনী বের হয় তখন আর্মি ইন্টেলিজেন্স থেকে তৎকালীন সেনাপ্রধান সফিউল্লাহকে বিষয়টি অবগত করা হয়েছিল। তিনি তখন সেনা পাঠিয়ে বাধা দিলে সেনানিবাস এলাকাতে যুদ্ধ হতো। কিন্তু তিনি তা করেননি। তাই এ ঘটনার পেছনে তৃতীয় কোনও শক্তি জড়িত আছে।" একে খন্দকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামুন বলেন, "সাক্ষীরা বলেছেন, ১৬ আগস্ট বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। তাহলে ১৬ তারিখে যদি লাশ নেওয়ার জন্য একে খন্দকার হেলিকপ্টার পাঠাতে পারেন, তাহলে ১৫ আগস্ট কলাবাগান বা আবাহনী মাঠে হেলিকপ্টার পাঠানো হয়নি কেন?" একে খন্দকার আওয়ামী লীগের টিকিটে সাংসদ নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সািফউল্লাহ আওয়ামী লীগের সাবেক সাংসদ। বজলুল হুদাকে নির্দোষ দাবি করে শুনানিতে মামুন বলেন, "বঙ্গবন্ধু হত্যার সময় বজলুল হুদা উপস্থিত ছিলেন না। তিনি বঙ্গভবনেও ছিলেন না। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। অন্য কেউ ওই ঘটনা ঘটিয়েছে।" আব্দুল্লাহ আল মামুনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালত বারবার তাকে নির্দিষ্ট যুক্তিতে বক্তব্য সীমাবদ্ধ রাখার জন্য বলছিলেন। লিভ টু আপিলে (আপিল আবেদন মঞ্জুরের) নির্দিষ্ট পাঁচটি যুক্তির মধ্যে একটি যুক্তি বলার জন্য সোমবার মামুনকে আধাঘণ্টা সময় বরাদ্দ দিয়েছে আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "বিচারিক আদালতে অনেক বিষয়ে কথা বলা যায়। কিন্তু আপিল বিভাগে নির্দিষ্ট বিষয়ে কথা বলতে হয়। আদালত বলেছেন, যুক্তি ধরে নির্দিষ্ট বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করলে ভালো হয়।" শুনানিতে ব্যারিস্টার মামুন সাক্ষী আবদুল কুদ্দুসের সাক্ষ্য পাঠ করে বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর লাশ নিয়ে মেজর বজলুল হুদা বিমানবন্দরে যান। আগে অপর নয়টি লাশ নিয়ে যান বনানীতে। এর আগে ১০টি কাঠের বাক্সের (কফিন) জন্য তিনি মোহাম্মদপুরে যান। একজন মানুষের পক্ষে কোনও হত্যাকাণ্ডের পর আবার এতগুলো কাজ করা সম্ভব নয়। খুন করার পর সে এমনিই অস্বাভাবিক হয়ে যায়।" সাক্ষী কুদ্দুসের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরে মামুন বলেন, "এ মামলার আসামি আবদুল ওহাব জোয়ারদার ঘটনার আগের দিন গুলি নিয়ে যায়। ওই বাড়িতে আর গুলি ছিল না। কিন্তু এরপর নিরাপত্তায় নিয়োজিত আবদুল কুদ্দুস কেন গুলি খুঁজবে? নিু আদালত বঙ্গবন্ধুর বাড়িতে এক হাজার গুলি না থাকার বিষয়টি অবিশ্বাস করেছে। নিু আদালতের মতে ওই বাড়িতে গুলি ছিল। কিন্তু ব্যবহার করা হয়নি। ব্যারিস্টার মামুন বলেন, আসামি জোয়ারদারকে খালাস দিয়ে নিু আদালতের রায়ের বিষয়ে হাইকোর্টের তিন বিচারপতি হস্তক্ষেপ করেননি। তখন আদালত বলেন, জোয়ারদারের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে কোনও আপিল ছিল না। ব্যারিস্টার মামুন বলেন, "জোয়ারদারের উপস্থিতি ও এক হাজার রাউন্ড গুলি বিষয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী আবদুল গনি, আবদুল কুদ্দুস ও সোহরাবের সাক্ষ্য নিু আদালত অবিশ্বাস করেছে।" আদালত বলেন, বজলুল হুদা সাক্ষী গণিকে দেখে বলেছিল, গণি খবর কী? সাক্ষী কুদ্দুস ও গণি কুমিল্লায় মেজর ডালিমের নেতৃত্বে একই ডিভিশনে ছিলেন। বজলুল হুদা ছিলেন ওই ডিভিশনের অ্যাডজুটেন্ট। তাদেরকে একসঙ্গে বঙ্গভবনে ও গণভবনে বদলি করা হয়। তাই বজলুল হুদাকে দেখার বিষয়ে সাক্ষী কুদ্দুস ও গণির বক্তব্য অবিশ্বাস করার কিছু নেই। আদালত আরও বলেন, সাক্ষী কুদ্দুস ও গণি বলেছেন যারা আর্টিলারি তাদের পোশাক খাকি। আর যারা ল্যান্সার তাদের পোশাক কালো। আদালত বলেন, ১৫ আগস্ট ঘটনা ঘটে গেছে। তারপর ওই বাড়িতে কাকে পাহারা দেবে। লাশ দেখার জন্য হুদা সাক্ষী কুদ্দুস ও গণিকে বলে যায়। প্রহরা থাকার কথা নয়। ব্যারিস্টার মামুন বলেন, "সাক্ষী গণিকে বজলুল হুদা চিনলে তাকে জীবিত থাকার কথা নয়। কারণ একটি হত্যা মিশনে এসে কাউকে চিনে ফেললে তাকে সাধারণত বাঁচিয়ে রাখা হয় না। আদালত বলেন, ওই হত্যার সময় উপস্থিত অনেকে এখনও বেঁচে আছে। আদালত এক পর্যায়ে ব্যারিস্টার মামুনকে উদ্দেশ করে বলেন, "এখন বলছেন, বজলুল হুদা সেখানে ছিল না। এরপর হয়ত বলবেন হত্যাকাণ্ডের কোনও ঘটনাই ঘটেনি।" ব্যারিস্টার মামুন বলেন, "বঙ্গবন্ধু আমার নেতা। আমি বলব না বঙ্গবন্ধু মারা যাননি।" বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করছেন ১৮ জন আইনজীবী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এ বছরের মাঝামাঝিতে আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনাানি শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরবি/এমআই/১৮৫০ ঘ.