ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল আবেদনের ওপর যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার শুরু হয়েছে।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ৯টা ৩৭ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এদিন তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি হুদাকে নিয়ে মামলার সাক্ষ্যপ্রমাণের বিভিন্ন দিক তুলে ধরেন।
ব্যারিস্টার মামুনের বক্তব্য সম্পন্ন হওয়ার আগেই আদালতের দিনের কার্যক্রম শেষ হয়। আগামী রোববার আবার তিনি বক্তব্য রাখবেন।
শুনানির অষ্টম দিনে বুধবার এ মামলায় হাইকোর্টের বিচারপতিদের রায় পড়া শেষ হয়।
শুনানির শুরুর দিন থেকে এ মামলার পেপার বুক পড়া শুরু করেন ব্যারিস্টার মামুন। পেপারবুকে এজাহার, অভিযোগপত্র, সাক্ষ্য, নিু আদালতের রায়, হাইকোর্টের রায় ও আপিল মঞ্জুরের আদেশসহ সব কাগজপত্র সন্নিবেশিত থাকে।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শুরু হয়।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে সরকার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24