ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল আবেদনের ওপর বৃহস্পতিবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
বুধবার এ মামলার আপিল আবেদনের ওপর অষ্টম দিনের শুনানি শেষে আসামি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ৯টা ৫০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত শুনানি চলে।
ব্যারিস্টার মামুন সাংবাদিকদের জানান, তিনি এ মামলায় হাইকোর্টের তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করীমের রায়ের অংশ পড়া শেষ করেছেন।
তৃতীয় বিচারপতির রায়ে বলা হয়েছে, "সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার অপরাধ যদিও একটি বিদ্রোহ প্রকৃতির তবুও অপরাধের প্রকৃতি আবেগ দ্বারা প্রভাবিত নয়। আমরা কখনওই নিশ্চিতভাবে জানব না, দণ্ডিতরা ছাড়া আর কে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাই এ মামলায় সাক্ষ্য-প্রমাণ সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন।"
বিচারপতি করীমের রায়ে আরও বলা হয়, "লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ও লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খানের জবানবন্দি বিবেচনার বাইরে রাখা হয়েছে। কারণ, বিভক্ত রায়ে হাইকোর্টের দুই বিচারপতি সেগুলো সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে একমত হতে পারেননি।"
এতে আরও বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত প্রমাণিত হয়েছে।
তবে মেজর আহমেদ শরিফুল হোসেন, ক্যাপ্টেন কিসমত হাশেম ও ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসারকে জড়িয়ে মহিউদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোনও সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে সমর্থিত না হওয়ায় ওই তিন আসামির বিরুদ্ধে তা বিবেচনায় আনা হল না বলে রায়ে বলা হয়।
এতে বলা হয়, সরকারপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় এ তিন আসামিকে খালাস দেওয়া হল।
বিচারপতি করীমের রায়ে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিনকে দায়রা আদালত সঠিকভাবেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। তাদের ক্ষেত্রে ডেথ রেফারেন্স গ্রহণ করা হল।
শুনানির শুরুর দিন থেকে এ মামলার পেপার বুক পড়া শুরু করেন ব্যারিস্টার মামুন। পেপারবুকে এজাহার, অভিযোগপত্র, সাক্ষ্য, নিু আদালতের রায়, হাইকোর্টের রায় ও আপিল মঞ্জুরের আদেশসহ সব কাগজপত্র সন্নিবেশিত থাকে।
শুনানির পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, পাঁচটি যুক্তিতে আপিল বিভাগ আসামিদের আপিলের আবেদন (লিভ) মঞ্জুর করেছিল। এর মধ্যে চারটি যুক্তির ক্ষেত্রে সব আসামি একই ধরনের বক্তব্য রাখতে পারবেন এবং পঞ্চম যুক্তির ক্ষেত্রে তারা আলাদা আলাদা বক্তব্য দিতে পারবেন।
তিনি বলেন, "আদালত আসামি পক্ষকে বলেছেন, এ বিষয়ে তাদের মধ্য থেকে একজন আইনজীবী বক্তব্য দিতে পারবেন। আসামি পক্ষ থেকে বৃহস্পতিবার আদালতে জানানো হবে, তারা আলাদাভাবে বক্তব্য দেবেন না একসঙ্গে বক্তব্য দেবেন।"
আনিসুল আরও বলেন, তৃতীয় বিচারপতি আইন ও সাক্ষ্য-প্রমাণ দেখে ১২ জনকে ফাঁসি দেওয়া উচিত বলে সিদ্ধান্ত নেন।
"তৃতীয় বিচারপতির রায়ে সাক্ষ্য-প্রমাণে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহ রেডিও স্টেশনে গেলে খন্দকার মুশতাক তাকে বলেন, তোমরা একটা কাজ করেছো। কিন্তু জেনারেল সফিউল্লাহ বলেন, তিনি এ কাজ করেননি।"
ব্যারিস্টার মামুন সাংবাদিকদের আরও বলেন, "তৃতীয় বিচারপতির রায়ে কেবল ছয় আসামির বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়েছে ১৫ আসামির বিষয়ে। তৃতীয় বিচারপতি সব সাক্ষীর সাক্ষ্য বিবেচনা না করায় আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।"
"রায়ে সাক্ষ্য-প্রমাণে বলা হয়েছে, ঘটনার পর জেনারেল সফিউল্লাহ রেডিও স্টেশনে যান। খন্দকার মুশতাক সফিউল্লাহকে বলেন, আপনার সেনাবাহিনী একটা ভালো কাজ করেছে। আমি বাকিটা করব।
"সফিউল্লাহ বলেন, তারপর কী? অর্থাৎ শফিউল্লাহ মুশতাকের কথা মেনে নেননি।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শুরু হয়।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে সরকার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24