২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'১৫ আগস্টের ঘটনায় জিয়া জড়িত ছিলেন'

পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহমেদ (আর্টিলারী) যে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার তা শুনেছে আপিল বিভাগ। ১৯৯৬ সালের ২৭ নভেম্বর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মহিউদ্দিন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর ঘটনার সঙ্গে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে তার মনে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 05:34 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহমেদ (আর্টিলারী) যে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার তা শুনেছে আপিল বিভাগ। ১৯৯৬ সালের ২৭ নভেম্বর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মহিউদ্দিন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর ঘটনার সঙ্গে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে তার মনে হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদের ব্যাপারে জিয়া কোন শাস্তিমূলক ব্যবস্থা নেননি বলেও মহিউদ্দিন তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির চতুর্থ দিনে মৃত্যুদণ্ডিত আসামি বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ জবানবন্দি উপস্থাপন করেন। পরে এ হত্যা মামলার চূড়ান্ত নিস্পত্তিতে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ আগামী ১১ অক্টোবর সকাল সাড়ে নয়টা পর্যন্ত শুনানি মুলতবী ঘোষণা করেন। শুনানি শেষে আবদুল্লাহ আল মামুন বলেন, "ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও আর্টিলারি মহিউদ্দিন আহমেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শুনিয়েছি।" দিনের শুরুতেই বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আসামি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে সতর্ক করেছে আদালত। আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ তাকে সতর্ক করে। আদালত এ বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্যও গণমাধ্যমকে বলেছে। এর আগে গত সোমবার আদালত বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে মন্তব্যের ক্ষেত্রে আইনজীবী ও সংবাদ মাধ্যমকে সংযত হওয়ার নির্দেশ দেয়। শুনানি শেষে আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "আজ (বৃহস্পতিবার) পেপারবুকের ৯৮৪ থেকে ১১৪০ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। বিচারপতি মো. রুহুল আমিনের রায় পড়া শেষ হয়েছে। বিচারপতি এবিএম খায়রুল হকের রায় পড়া শুরু হয়েছে।" এ মামলার পেপার বুক ১ হাজার ৫৩০ পৃষ্ঠা সম্বলিত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এজাহার, অভিযোগপত্র, সাক্ষ্য, নিু আদালতের রায়, হাইকোর্টের রায় ও আপিল মঞ্জুরের আদেশসহ সব কাগজপত্র পেপারবুকে সন্নিবেশিত থাকে। মামুন বলেন, "ফারুক রহমান ঘটনার আগের রাতে বলেছেন, এভাবে দেশ চলতে পারে না। এভাবে চললে দেশ ভারতের কর্তৃত্বে চলে যাবে। এ অবস্থায় বঙ্গবন্ধুকে তুলে এনে অরাজকতা দূর করার জন্য রেসকোর্স বা অন্য কোনও ময়দানে ভাষণ দিতে বলা হবে। এতে যদি বাধা আসে, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে।" মামুন জানান, বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সংবাদপত্রে সংশোধনী ছাপানোর ব্যবস্থা নিতে তাকে আদালত বলেছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "গুরুত্বপূর্ণ এ মামলা সম্পর্কে কল্পনাপ্রসূত কোনও বক্তব্য না ছাপতে বলেছে আদালত। এ জন্য আসামি পক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট সংবাদপত্রকে সতর্ক করা হয়েছে।" কড়া নিরাপত্তার মধ্যে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য রোববার বেঞ্চ গঠনের পর সোমবার এ মামলার শুনানি শুরু হয়। শুরুর দিন সুপ্রিম কোর্টের ৩ নম্বর বিচার কক্ষে শুনানি হলেও তা পরিবর্তন করে মঙ্গলবার থেকে শুনানি চলছে ২ নম্বর বিচার কক্ষে। এ কক্ষটি আগের কক্ষের চেয়ে বড়। নিরাপত্তার অংশ হিসেবে আদালত কক্ষে ঢোকার পথে বসানো হয়েছে একটি আর্চওয়ে। মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধু মামলাটি অতি গুরুত্বপূর্ণ বলে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে সরকার ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।" আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বাকিরা পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/এসএইচ/১২২০ ঘ.