২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার আপিল শুনানিতে কড়া নিরাপত্তা

বঙ্গবন্ধু মামলার আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যে আদালতে শুনানি চলছে, সেখানে বুধবার বসানো হয়েছে একটি আর্চওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যে আদালতে শুনানি চলছে, সেখানে বুধবার বসানো হয়েছে একটি আর্চওয়ে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বঙ্গবন্ধু মামলাটি অতি গুরুত্বপূর্ণ বলে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে বুধবার শুনানির তৃতীয় দিন আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রাং সংক্রান্ত পেপারবুকের ৭৭৩ পৃষ্ঠা থেকে ৯৮৪ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শুনানি চলে। শুনানির পর আদালতের নিরাপত্তা জোরদারের বিষয়ে অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের বলেন, "এটি একটি গুরত্বপূর্ণ মামলা। নিরাপত্তার খাতিরে আদালতের প্রবেশ পথে আর্চওয়ে বসানো হয়েছে।" "ঝালকাঠিতে আদালত চত্বরে জঙ্গিরা বোমা হামলা করেছিল, এখানেও জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না", বলেন তিনি। শুনানির বিষয়ে মাহবুবে আলম বলেন, "তৃতীয় দিনের শুনানিতে আসামি সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদের বিষয়ে বিচারপতি রুহুল আমিনের বক্তব্য পড়া শেষ হয়েছে। এখন আর্টিলারি মহিউদ্দিন আহমেদের অংশ পড়া শুরু হয়েছে।" বৃহস্পতিবার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হবে বলে জানান তিনি। পেপারবুকে কী থাকে জানতে চাওয়া হলে মাহবুবে আলম বলেন, "সমস্ত কাগজপত্র যেমন- এজাহার, অভিযোগপত্র, সাক্ষ্য, নিু আদালতের রায়, হাইকোর্টের রায় ও আপিল মঞ্জুরের আদেশসহ সব কাগজপত্র পেপারবুকে সন্নিবেশিত থাকে।" এ মামলার পেপার বুক ১ হাজার ৫৩০ পৃষ্ঠা সম্বলিত। পেপারবুক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "আসামিদের যুক্তিতর্ক শেষ হলে সরকার পক্ষ বক্তব্য রাখবে। এরপর আদালত রায় দেবেন।" ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "আজ (বুধবার) পেপারবুকের ৯৮৪ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে।" আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়নি জানিযে মামুন জানান, "অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বজলুল হুদার পোশাক নিয়েও ভিন্ন ভিন্ন সাক্ষ্য রয়েছে।" মহিউদ্দিন প্রসঙ্গে মামুন জানান, ঘটনার দিন ৩২ নম্বরে যারা ছিলেন তারা মহিউদ্দিনকে সনাক্ত করতে পারেনি। তবে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যর ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ কে এম মহিউদ্দিন প্রসঙ্গে ব্যারিস্টার মামুন বলেন, তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। একজন সাক্ষী তাকে ল্যান্সার মহিউদ্দিন বলে সনাক্ত করেছেন। মহিউদ্দিনের উপস্থিতি নিয়েও সাক্ষীদের বক্তব্যে গড়মিল রয়েছে বলে জানান তিনি। মামুন বলেন, তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ও কর্নেল সাফায়াত জামিল তাদের সাক্ষ্যে বলেছিলেন ১৫ আগস্ট এর আগ পর্যন্ত মাসে দুই দিন রাতে প্যারেড বাধ্যতামূলক ছিল। এ কারণে মহিউদ্দিনের রাতে প্যারেডে অংশ নেওয়াকে ষড়যন্ত্র বলা যায় না বলে বিচারপতি রুহুল আমিন রায়ে বলেছেন। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য রোববার বেঞ্চ গঠনের পর সোমবার এ মামলার শুনানি শুরু হয়। শুরুর দিন সুপ্রিম কোর্টের ৩ নম্বর বিচার কক্ষে শুনানি হলেও তা পরিবর্তন করে মঙ্গলবার থেকে শুনানি চলছে ২ নম্বর বিচার কক্ষে। এ কক্ষটি আগের কক্ষের চেয়ে বড়। বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে মন্তব্যের ক্ষেত্রে আইনজীবী ও সংবাদ মাধ্যমকে সংযত হতে সোমবার নির্দেশ দেয় আদালত। এদিকে এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে সরকার ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের বিচারপতিরা হলেন- মো. তাফাজ্জাল ইসলাম, মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, "এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।" আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বাকিরা পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৭৫৫ ঘ.