ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ রোগী
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৫০৯ জনে।
দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন রোগী।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও দুজনের।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৫০৯ জনে, আর মৃত্যু হল মোট ১৮১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে মৃত ব্যক্তিদের একজন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাদের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী। মৃতদের বয়স যথাক্রমে ১৫ ও ৬২ বছর।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩ জন।
এর আগে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়।
এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যুও হল সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ২০২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া ঢাকা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১৪৯ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৪২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৯৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
