একই দিনে একই সময়ে কীভাবে দুই হত্যায় নেতৃত্বে ছিলাম: আদালতকে মাসুদ উদ্দিনের প্রশ্ন
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, "ঘটনা ভিন্ন। একেকজন একেকভাবে হত্যায় জড়িত।"
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার জুলাই আন্দোলন ঘিরে এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে তিন দিনের রিমান্ডেও পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, যে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, একই দিনে একই সময়ের একটি ঘটনার জন্য আরেক মামলায় ১৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
বিচারকের কাছে তিনি প্রশ্ন করেন, "একই দিনে একই সময় কিভাবে দুই হত্যায় নেতৃত্ব দেয়?"
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গত ২৩ মার্চ অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
এরপর ৭ এপ্রিল চব্বিশের জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ। ১১ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ডের আদেশ হয়।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় মাসুদ উদ্দিনকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে ২৭ এপ্রিল তাকে আদালতে হাজির করে তিন কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। ৩০ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ড দেয় আদালত।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেনতদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন।
এরপর তাকে মিরপুর-১০ এলাকার বিপ্লব শেখ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের এসআই হাবিব উল্যাহ্।
প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করে বলেন, "তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ছিলেন। এরচেয়ে বড় পরিচয় তিনি এক এগারোর একজন কুশীলব। বিপ্লব শেখ হত্যা মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।"
এসময় বিচারক মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, ‘এমপি ছিলেন?’ মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,"হ্যা।"
বিচারক বলেন, ‘নির্বাচিত?’
‘অবশ্যই’ বলে উত্তর দেন মাসুদ উদ্দিন। কোন আসন থেকে নির্বাচিত বিচারকের প্রশ্নের জবাবে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,"ফেনী-৩ আসন থেকে।"
কত সালের নির্বাচনে জানতে চাইলে মাসুদ উদ্দিন বলেন, "২০১৮ সালের নির্বাচনে।"
নিজে কিছু বলতে চান কী না বিচারক জানতে চান মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে।
তখন মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,"একই দিনের একই সময় আরেক মামলায় ১৫ দিনের রিমান্ডে ছিলাম। একদিনে একই সময়ে কিভাবে দুই হত্যায় নেতৃত্বে ছিলাম।"
তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, "ঘটনা ভিন্ন। একেকজন একেকভাবে হত্যায় জড়িত।"
মাসুদ উদ্দিন চৌধুরী তখন এফআইআর এ নাম ছিল কি না জানতে চাইলে বিচারক বলেন, “কোনো মামলার এফআইআর এ নাম ছিল না।”
পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
আদেশ শুনে বিচারককে ধন্যবাদ দেন মাসুদ উদ্দিন চৌধুরী।
এরপর রিমান্ড বিষয়ে শুনানি করতে মাসুদ উদ্দিন চৌধুরীকে নেওয়া হয় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে।
হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, "এ আসামি এক এগারোর একজন খলনায়ক। এক এগারোর সময় প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। বিএনপির প্রধান দুই চরিত্র খালেদা জিয়া ও তারেক রহমানকে দল থেকে সরে যেতে চাপ দেয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করে। ওই সময় একটা পাতানো নির্বাচন করে। হাসিনাকে ক্ষমতায় আনেন।"
তিনি বলেন, "মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা। তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে রিমান্ডে নিলে মামলার তথ্য উদঘাটিত হবে।"
মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে তার আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।
তিনি বলেন, "তিনি একজন সাবেক সংসদ সদস্য। অন্যান্য মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়ে। সত্তরের ওপর বয়সের একজন মানুষ। এজাহার, এফআইআর এ তার নাম নাই। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।"
এসময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান মাসুদ উদ্দিন চৌধুরী। তবে কথা বলার অনুমতি পাননি তিনি।
আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
দেলোয়ার হত্যা মামলার বিবরণে বলা হয়েছে, “২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় আসামির নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
“তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় গত বছরের ৬ জুলাই দেলোয়ারের স্ত্রী মিরপুর মডেল থানায় মামলা করেন।
বিপ্লব শেখ হত্যা মামলায় বলা হয়েছে, “জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন। সেখানে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। বিপ্লবের গলায় ও কোমরে গুলি লাগে।
“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।” এ ঘটনায় গেল বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় বিপ্লব শেখের বাবা পারভেজ শেখ হত্যা মামলা দায়ের করেন।
