২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

এ নিয়ে ১৫টি ফ্লাইটে লেবানন থেকে ৯৬৩ জন দেশে ফিরলেন।

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
যুদ্ধের মধ্যে লেবানন থেকে বৃহস্পতিবার ১০৫ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 06:09 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবানন থেকে আরও ১০৫ প্রবাসী বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।

এমিরেটসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের ঢাকায় পৌঁছানোর খবর পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ নিয়ে ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ প্রবাসী দেশে ফিরলেন।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েল। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল।

দেশটির দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণ শুরুর পর ইসরায়েলি সামরিক বাহিনীর এলাকা খালি করার নির্দেশে লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে।

এমন অবস্থার মধ্যে দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের পর যারা ফিরতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করতে বলা হয়।

সেই নিবন্ধনে প্রথম দফায় ১ হাজার ৮০০ জনের তালিকা পাওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিয়মিত-অনিয়মিত সবার ক্লিয়ারেন্স পাওয়ার প্রক্রিয়া চলার কথাও বলেছেন তিনি।

বাংলাদেশ সরকারের উদ্যোগে গত ২১ অক্টোর থেকে দেশে ফেরা শুরু করেন লেবাননে থাকা প্রবাসীরা। সেদিন প্রথম ধাপে ফিরেছিলেন ৫৪ জন। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সরকারি ব্যয়ে ফেরানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

যুদ্ধবিধ্বস্ত লেবাননের পরিস্থিতি ও সেখান থেকে ফিরে আসা বাংলাদেশিদের কাছ থেকে যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধাপে ধাপে তাদের ফেরানো হলেও লেবাননে বোমা হামলায় এ পর্যন্ত এক বাংলাদেশির মৃত্যুর খভর পাওয়া গেছে।