২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সপ্তম অভিযোগ

চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 01:35 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চট্টগ্রামে ‘হত্যা, গণহত্যা ও নির্যাতনের’ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ জমা পড়েছে। 

এই অভিযেগে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের নাম রয়েছে।

চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন বুধবার ঢাকার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে সাতটি অভিযোগ দায়ের করা হল।

আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, মাহতাব উদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটির দুই সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। 

অভিযোগকারীর আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২), ৪(১), ৪ (২) ধারায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

তিনি জানান, এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ছয়টি জুলাইয়ের ছাত্র আন্দোলনের ঘটনায়, একটি ২০১৩ সালে শপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশের ঘটনায়।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ আদালতের রায়ের পর চূড়ান্ত বিচার শেষে পাঁচ জামায়াত নেতা এবং এক বিএনপির নেতার ফাঁসিও কার্যকর করা হয়।  

শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখন জুলাইয়ের ছাত্র আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে ওই ট্রাইব্যুনালেই বিচারের উদ্যোগ নিয়েছে।