জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে ‘সর্বাত্মক’ সহযোগিতার আশ্বাস
ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিংশ মিশন পাঠিয়েছে জাতিসংঘ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণরোষে সরকার পতন পর্যন্ত এক মাসে যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ে স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তিন প্রতিনিধি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংয়ে উপদেষ্টা তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার কথা তুলে ধরেন।
ওএইচসিএইচআর এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুংগোভেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার-বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেনজা ও আলেক্সান্ডার জেমস আমির এল জুন্ডি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা এক নম্বর অবস্থান অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘ প্রতিনিধিদলকে অনুরোধ করেছি।
“প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।”
এর আগে মুংগোভেন আন্দোলনের মধ্যে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রকৃত তথ্য-প্রমাণসহ আনুষঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে, সে বিষয়ে সহযোগিতার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন। তা ছাড়া ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কার্যক্রম শুরু হলে যাতে এসব তথ্য-প্রমাণ সঠিকভাবে সরবরাহ করা হয়, সে বিষয়েও উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।
আন্দোলন চলার মধ্যেই জাতিসংঘ সহিংসতার বিষয়ে তদন্তের প্রস্তাব দিলে শেখ হাসিনার সরকার তাদের সহযোগিতা নেওয়া হবে জানান। তবে তার সরকারের পতনের পর গঠিত অন্তর্বতী সরকার জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমন্ত্রণ পাঠায়। সে অনুযায়ী ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিংশ মিশন পাঠিয়েছে জাতিসংঘ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর প্রথমবার তদন্তে এসেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংশ মিশন।
চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এর আগে সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে তিনি সহযোগিতা চান।
“আমার পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছি। বৈঠকে বন্যার্তদের বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে।”
