২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের জানাজা সম্পন্ন

তিনি বিএনপির টিকেটে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 04:01 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ যোহর জানাজা হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন। 

এর আগে মিয়া আব্দুল্লাহর বড় ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজায় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন, অতিরিক্ত সচিব এফ অ্যান্ড পি আর, যুগ্মসচিব মানবসম্পদ, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত হন।