একুশে বইমেলা পিছিয়ে নির্বাচনের পর, শুরু ২০ ফেব্রুয়ারি
কিছু দিন আগে ডিসেম্বরে আয়োজনের কথা ভাবা হলেও তা নির্বাচনের পরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অমর একুশে বইমেলা পিছিয়ে নির্বাচনের পর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ২০ দিন পিছিয়ে শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি।
এবার বইমেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে।
এদিন বিকালে মেলার আয়োজক বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়েছে। ওই দিন বেলা ১১টায় মেলা উদ্বোধন করা হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশকদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী রোজা শুরুর আগে ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেটা মাথায় রেখে প্রথমে বইমেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি।
পরে ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত ‘স্থগিত’ করার কথা জানায় আয়োজক প্রতিষ্ঠানটি। তখন বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই মেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত করা হয়।
পরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে ২ নভেম্বর বৈঠকে করে বাংলা একাডেমি নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
তখন জানানো হয়েছিল, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেয়। এরপর বাংলা একাডিমি ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা আয়োজনের দিণক্ষণ জানাল।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি চলে আসছে। সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে চলে পুরো মাসজুড়ে।
তবে কোভিড মহামারীর সময় ২০২১, ২০২২, ২০২৩ সালে বইমেলার সময় পরিবর্তন করে মার্চ মাসে নেওয়া হয়েছিল।
আর ১৯৮৩ সালে এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ হয়েছিল। এছাড়া বইমেলা বন্ধ থাকার নজির নেই।
১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমির ফটকে চট বিছিয়ে প্রকাশনা সংস্থা মুক্তধারার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা যে বই বিক্রি শুরু করেছিলেন, তা পরে একুশে বইমেলায় রূপ নেয়।
