আওয়ামী লীগের আরও ১০ এমপির ‘অবৈধ সম্পদের’ খোঁজে দুদক
এই ১০ জনের মধ্যে দুই জনের বিরুদ্ধে বিদেশে সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি নির্মূলে কাজ করা সংস্থাটি।
ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ আওয়ামী লীগের সাবেক ১০ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তাদের বিরুদ্ধে শিগগিরই কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
অন্য সংসদ সদস্যরা হলেন: নীলফামারীর আফতাব উদ্দিন সরকার, রাজশাহীর ওমর ফারুক চৌধুরী, নেত্রকোণার ইফতেখার উদ্দিন তালুকদার, ময়মনসিংহের ফাহমী গোলন্দাজ বাবেল, কুমিল্লার এম এ জাহের, নোয়াখালীর একরামুল করিম চৌধুরী, ফেনীর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, রাঙামাটির দীপংকর তালুকদার ও সংরক্ষিত নারী আসনের হোসনে আরা।
সাবেক হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ৪০ থেকে ৫০ শতাংশ বেশি প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, পল্লী বিদ্যুৎ সমিতির বিলের উপর অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকার কথা জানিয়েছে দুদক।
নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার কথাও জানানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলেও সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান হয়েছিল। তবে সে সময় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় দুদক।
রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।
নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী ও অন্যান্যদের বিরুদ্ধে ‘সিন্ডিকেট করে’ টেন্ডারবাজি ও চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ নিয়ে ‘বাণিজ্য’ এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
নীলফামারী-১ আসনের আফতার উদ্দিন সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বদলি ও নিয়োগ ‘বাণিজ্য’, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তার নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
রাঙামাটির দীপংকর তালুকদারের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাট, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
নেত্রকোণা-৩ আসনের ইফতেখার উদ্দিন তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
কুমিল্লা-৫ আসনের এম এ জাহেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, গ্যাস চুরিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের হোসনে আরার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে আমেরিকায় বাড়ি করার অভিযোগ পেয়েছে দুদক।
