Published : 15 Jul 2026, 07:42 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবিতে এবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এর ফলে শাহবাগ মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ আল আমিন বলেন, “একদল শিক্ষার্থী সচিবালয় থেকে শাহবাগে মিছিল নিয়ে এসে অবস্থান নিয়েছে। আপাতত যান চলাচল বন্ধ।”

আন্দোলনকারীরাদের একজন সাকিব হাসান বলেন, “আমাদের কর্মসূচি ছিল ‘লং মার্চ টু সচিবালয়’। কিন্তু সেখানে আমাদের বাধা দিলে আমরা শাহবাগে চলে আসি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব না।”
এর আগে দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান নেন। সেখানে অবরোধ শেষে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন। তাদের মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তা, বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও কোনো সমাধান আসেনি।

আন্দোলনকারীদের দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকার জানিয়ে দিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা অব্যাহত থাকবে। অন্যদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বুধবারের পরীক্ষা স্থগিত নাহলে তারা সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করার ঘোষণা দিয়েছিলেন।
ফলে বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।