খুলনা, বাগেরহাটসহ চার জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসার সম্ভাবনা আছে।
খুলনা, বাগেরহাট, যশোর ও নোয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ তাপপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন।
বুধবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুলনা, বাগেরহাট, যশোর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিশেষ খুলনা বিভাগের ওপর আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে৷ তবে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসার সম্ভাবনা আছে।"
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
এদিন সকাল থেকে রোদের উত্তাপ দেখা গেছে ঢাকাতেও। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছেন পথচারী আর শ্রমজীবী মানুষ। ঢাকায় এদিন তাপমাত্রার পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এদিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
এই সময়ের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
এদিন দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
