১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের ৩০০০ টন সূর্যমুখী তেল এল কক্সবাজারের শরণার্থী শিবিরে

এই তেল দিয়ে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী তিন মাস রান্নার প্রয়োজন মেটাতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউক্রেইন থেকে এসেছে তিন হাজার টন সূর্যমুখী তেল।

বুধবার ঢাকায় সুইডেন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন কক্সবাজারে এক অনুষ্ঠানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে এই তেল হস্তান্তর করা হয়।

’ইউক্রেইনের শস্য’ উদ্যোগের আওতায় আসা এই খাদ্য সহায়তা যৌথভাবে হস্তান্তর করেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারত ও বাংলাদেশের ইউক্রেইনের রাষ্ট্রদূত ওলেকসান্দার পলিশচুক এবং ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেনের দেওয়া ৭০ লাখ মার্কিন ডলার অনুদানের আওতায় ইউক্রেইন থেকে এ তেল কেনা এবং আনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের মাঝে যা বিতরণ করবে ডব্লিউএফপি। এই তেল দিয়ে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী তিন মাস রান্নার প্রয়োজন মেটাতে পারবেন।

সুইডিশ রাষ্ট্রদূত উইকস ‘ইউক্রেইনের শস্য’ উদ্যোগের বিষয়ে অনুষ্ঠানে বলেন, “এই উদ্যোগ অনন্য। এই সহায়তা যেমন কক্সবাজারে থাকা রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজন মেটাচ্ছে, তেমনি সহায়তা করছে রুশ আগ্রাসনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেইনীয় কৃষক ও পরিবারগুলোকেও। এটি সৌহার্দ্য ও সহযোগিতার বাস্তব দৃষ্টান্ত।”

রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জ্বালানি সরবরাহের জন্য সুইডেন সরকার এরপর ২৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেবে বলে অনুষ্ঠানে ঘোষণা করেন তিনি।