প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল পাস
সংসদে এদিন আরও দুটি বিল উপস্থাপন করা হয়।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়।
সোমবার বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় আনার পাশাপাশি দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদ বিলটি পাসের জন্য সংসদে তোলেন।
বিলে বলা হয়েছে, এ আইনের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করা হবে। বিলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, নির্ধারিত পদ্ধতিতে প্রতিবন্ধী ব্যক্তিকে অনুদান ও ঋণ দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ ফাউন্ডেশনের কার্যাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, এ আইন পাস হলে সমাজকল্যাণ ক্ষেত্রে নীতি নির্ধারণ, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, উৎসাহ প্রদান, সহযোগিতা ও সমন্বয় সাধনের প্রয়োজনে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদ্যমান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রম গতিশীল ও সুসংহত হবে।
আনসার ব্যাটালিয়ন বিল উপস্থাপন
এদিন সংসদে আনসার ব্যাটালিয়ন বিল ২০২৩ সংসদে তোলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করলে তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের প্রস্তাব অনুযায়ী, অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। পাশাপাশি বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করা হচ্ছে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল
ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ জাতীয় সংসদে তোলা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের সময় দিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে এগ্রিমেন্ট অন দ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সাক্ষরের মাধ্যমে নিউ ডেভলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ মোট আটটি দেশ এ ব্যাংকের সদস্য। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এটির সদস্য হয়।
এনডিবির আর্টিকেল অব এগ্রিমেন্ট অনুযায়ী অ্যাগ্রিমেন্ট অন দ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অনুসমর্থন করা প্রয়োজন।
গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিলের প্রতিবেদনে আরও দেরি
সোমবার সংসদে এ বিলের ওপর রিপোর্ট উত্থাপনে পঞ্চম দফায় আরও ৯০ দিন সময় নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
নির্দিষ্ট সময়ে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে না পারায় সোমবার জাতীয় সংসদে আরও ৯০ দিন সময় চান সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে অনুমোদন দেয়।
