নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতের চেষ্টায় সরকার: মালয়েশিয়ায় ইউনূস
“আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত।”
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।”
মঙ্গলবার কুয়ালা লামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভায় আলোচনার বিষয়ে বলা হয়।
মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।”
তিনি বলেন, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।
বাংলাদেশের অর্থনীতির সংকট থেকে উত্তরণে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।”
তিনি যোগ করেন, “আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।”
সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সমস্যা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে–দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য-শিল্পে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা।
সভায় বিভিন্ন পেশা, শ্রেণি, সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
