Published : 28 Jan 2026, 08:44 PM
চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
বুধবার ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম, বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল ঘুরে দেখেন তিনি।
বন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিনিধি দলটি বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে বন্দরের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরের অর্জন ও সকল সূচকে প্রবৃদ্ধি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
মনিরুজ্জামন বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিশেষ করে ‘মাল্টি মডেল কানেকটিভিটি’ এবং লজিস্টিক চেইনের বিষয়ে এডিবির সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের উন্নয়নে যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়াতে কারিগরি সহায়তাসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চট্টগ্রাম বন্দরকে সহায়তার আশ্বাস দেন। বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও লোন প্রদানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রতিনিধি দলটির জন্য চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে-টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মো. মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।