লেবাননে আশ্রয় খোঁজা বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের পরামর্শ রাষ্ট্রদূতের
ইসরায়েলের হামলার মুখে লেবাননে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থার মধ্যে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং প্রয়োজনে দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
রোববার এক ভিডিওবার্তায় যুদ্ধ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনার যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তার প্রক্রিয়া চলমান রয়েছে।
“যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা আপনাদের তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য যথাসাধ্য সহায়তা প্রদান করব।”
গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ ও ইসরায়েল। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল।
রোববারও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত দেশটিতে নারী, শিশুসহ প্রায় ৮০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, “আপনারা যারা বৈরুত এবং পূর্ব ও দক্ষিণ লেবাননে অবস্থান করছেন তারা চলমান অত্যন্ত সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের সময় পার করছেন। গত ৪-৫ দিন ধরে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।
“প্রবাসী ভাইবোনদের মধ্যে যারা বৈরুতের বাইরে এবং নিকটবর্তী এলাকায় অবস্থান করছিলেন, গত রাতে দূতাবাস থেকে দ্রুত সময়ে উক্ত এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে গমনের পরামর্শ দেওয়া হয়। আপনারা দূতাবাসের পরামর্শ অনুযায়ী উক্ত এলাকা ছেড়ে যাওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “ইতোপূর্বে লেবাননের দক্ষিণাঞ্চলে অবনতিশীল পরিস্থিতিতে তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণসহ অন্যান্য বিষয়ে দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সময়ে সময়ে আপনাদের অবহিত করা হয়।
“আপনাদের দূতাবাসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।”
রাষ্ট্রদুত জাভেদ তানভীর বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতের মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস।
একে অপরের পাশে দাঁড়ানোয় প্রবাসীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “লেবাননে চলমান পরিস্থিতিতে আপনারা নিজ নিজ অবস্থানে নিরাপদ থাকার চেষ্টা করুন। আপনাদের যে কোনো সমস্যা দ্রুত আমাদের অবহিত করুন। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”
সব ধরনের গুজব পরিহারের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বিশেষ অবনতিশীল পরিস্থিতির কারণে বৈরুতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, উন্মুক্ত গোলাগুলি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া যানবাহন, ভাঙচুরসহ নিরাপত্তাপরিপন্থি বেশ কিছু ঘটনা ঘটেছে। এমতাবস্থায় আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব, আপনারা নিরাপদ স্থানে অবস্থান করুন।”
এর আগে প্রবাসীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করে দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং ই-মেইলে ঠিকানায় (beirut.mission@mofa.gov.bd) প্রবাসীরা যোগাযোগ করতে বলা হয়েছে তাদের।
