অটোরিকশা-ট্রাকের জোড়া ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের
সোমবার রাত সাড়ে ১১টার দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
রাজধানীর বনানী এলাকায় প্রথমে অটোরিকশা, তারপর ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত জামিল আহমেদ শুভর (২৪) গ্রামের বাড়ি মাদারীপুরে; তিনি ফার্মগেইট এলাকায় ডেলটা ফার্মেসিতে চাকরির পাশপাশি ঢাকার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্সে পড়ছিলেন।
বনানী থানার ওসি নূরে আযম বলেন, “বনানী থেকে মহাখালীগামী একটি অটোরিকশা প্রথমে শুভর বাইকটিকে ধাক্কা মারে। এরপর একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিটকে পড়েন।“
ঘটনাস্থলেই শুভ মারা যান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাহন দুটি শনাক্তের চেষ্টা করছেন তারা।
