প্রিপেইড মিটারে রিচার্জে সমস্যা হতে পারে ২৪ ঘণ্টা: ডেসকো
যেসব মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, সেগুলোয় রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) নির্দিষ্ট কিছু প্রিপেইড মিটারে রিচার্জে সমস্যা হতে পারে।
প্রিপেইড মিটারের সিস্টেম উন্নয়নের কাজের কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই সমস্যা থাকতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
তবে ডেসকোর সব প্রিপেইড মিটার গ্রাহক এই সমস্যার আওতায় পড়বেন না। যেসব মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, শুধু সেসব মিটারের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
ডেসকোর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
ডেসকো জানিয়েছে, গ্রাহকদের যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছে ডেসকো কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ডেসকোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রিপেইড মিটার গ্রাহকেরা বিকাশ, নগদ, রকেট, অনলাইন ব্যাংকিং ও নির্ধারিত রিচার্জ কেন্দ্রের মাধ্যমে মিটারে টাকা জমা দিতে পারেন।
প্রিপেইড ব্যবস্থায় গ্রাহকদের আগে টাকা জমা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সঙ্গে মিটারের জমা টাকা কমতে থাকে।
ডেসকোর নির্দেশনা অনুযায়ী, মিটারের টাকা শেষ হলে গ্রাহকেরা জরুরি ব্যালেন্স চালু করতে পারেন। তবে সেই ব্যালেন্সও শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
