সাংবাদিক আতিকুলের দাফন বুধবার
একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর প্রবীণ সাংবাদিক আতিকুল আলমের দাফন হবে।
তার স্ত্রী রওশন আরা আলম মঙ্গলবাবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে শওকত শামীম যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছে। কাল (বুধবার) সকালে দেশে পৌঁছাবে। সেজন্য আমার স্বামীর আজকে ঘোষিত নামাজে জানাজা হচ্ছে না।
“কাল বুধবার বাদ আসর বড় মগবাজার কাজী অফিসের গলির মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।”
সোমবার দুপুরে বগুড়ায় শ্বশুর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধান সাংবাদিক আতিকুল আলম।
রাতেই তার মরদেহ বগুড়া থেকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
১৯৩৪ সালে ১৪ জুন পাবনায় জন্ম নেওয়া আতিকুল আলম চট্টগ্রামের দ্য ইস্টার্ন এক্সামিনার দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন। ১৯৫৪ সালের অগাস্টে সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশ করে ‘ইস্টার্ন এক্সামিনার’; ১৯৫৬ সালের জানুয়ারিতে এর দৈনিকে রূপান্তর ঘটে। ষাটের দশকের মাঝামাঝি পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
আতিকুল বিবিসির বাংলাদেশ ব্যুরোর প্রধান ও পাকিস্তান টাইমসের ঢাকা ব্যুরো প্রধান হিসেবেও কাজ করেছেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর রয়টার্সের ঢাকা ব্যুরোর প্রতিষ্ঠাতা প্রধানের দায়িত্ব নেন তিনি।
বিবিসি ছাড়াও গার্ডিয়ান, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি। ডেইলি ইউনিটি ও সাপ্তাহিক হলিডেতে নিয়মিত লিখতেন তিনি।
আতিকুল আলম সর্বশেষ দৈনিক অর্থনীতি প্রতিদিনের (এখন বন্ধ) সম্পাদক ছিলেন।
