আ. লীগ নেতার রগ কর্তন, গ্রেপ্তার হয়নি কেউ
ঈদের দুদিন আগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আওয়ামী লীগ নেতার রগ কাটার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার পাঁচ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বৃহস্পতিবার উপজেলার হাটকান ওর্য়াড আওয়ামী লীগ নেতা লিটন মাদবরের (৩৫) বাম-হাতের কব্জি বিছিন্ন ও দুই পায়ের রগ কেটে নেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় শুক্রবার তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে নয় জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা করেন।
ফাতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর চার দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গীবাড়ী থানার এসআই ফিরোজ আলী মোল্লা বলেন, মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
