ঈদ উপহার নিয়ে ঝগড়া, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
ঈদের পোশাক নিয়ে ঝগড়ায় চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
নিহত মেজবাহ উদ্দিন (২৪) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি আমিরাবাদের জনকল্যাণ এলাকার জামাল উদ্দিনের ছেলে।
রোববার রাতে মেজবাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ঈদ উপলক্ষে ফুফুর পাঠানো পাঞ্জাবি ও লুঙ্গির মান নিয়ে চাচাত ভাই আরমানের সঙ্গে মেজবাহর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
“এক পর্যায়ে আরমান মেজবাহর অণ্ডকোষে আঘাত করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলেও সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।”
ঘটনার পর আরমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি শাহজাহান জানান।
