সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১৭
ঈদের ছুটির মধ্যে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে দুই বাসের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
রোববার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে এই দুর্ঘটনায় আরও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম থেকে রংপুরগামী ‘সাবির পরিবহন’ এবং গাইবান্ধা থেকে ঢাকাগামী ‘আজাদ পরিবহন’ এর বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর সকাল ৮টার দিকে ১৪ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ২৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় বলে সিরাজগঞ্জের সিভিল সার্জন দেবপ্রদ রায় জানান।
পরে রাত সাড়ে ৭টার দিকে সেখানে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর আহত অনেককে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও পরে সবাইকেই সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আজাদ পরিবহনের চালক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পার্বতীপুর গ্রামের মেনহাজ প্রধান (২৮), একই উপজেলার মোহাদিপুর গ্রামের লিটন (৪২), আমিনুল ইসলাম (২৫), দুবলাগাড়ি গ্রামের মিলন (২২), গাইবান্ধা সদরের সবুজ (২০), বগুড়ার দুপচাচিয়া উপজেলার চামুর গ্রামের জিল্লুর রহমান (৪৬), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবর্ত্যপাড়ার চান বাবু (২২), চিরিরবন্দর উপজেলার পূর্নতী গ্রামের বিপ্লব (২৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার পোড়াচাকলা কাশিমপুরের মোয়াজ্জেম হোসেনের অন্তঃস্বত্তা স্ত্রী মৌসুমী খাতুন (২০), বদরগঞ্জ উপজেলার নয়াপাড়ার আনোয়ারুল ইসলাম (১৯), রংপুরের পীরগাছা উপজেলার কিশমত কাউলা গ্রামের আব্দুল কারি (৪৫), সোনারায় গ্রামের মফিজুর রহমান (৫০), তাম্বুল গ্রামের মাহাবুব (৪০) ও রুস্তম কারী (৮৫) এবং শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের আবদুস সালাম (৫৪)।
সিভিল সার্জন দেবপ্রদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরপরই আহত ৩৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৪ জনকে বগুড়ায় পাঠানো হলে পথেই মৌসুমী ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। তাদের লাশ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এদিকে, বেলা ২টা পর্যন্ত আটটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ছয়টি লাশ মর্গে রয়েছে বলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বগুড়ায় পাঠানোদের মধ্যে কয়েকজন হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কেতাবগাঁও গ্রামের কাওসার (৪০), একই জেলার বদরগঞ্জ উপজেলার শাহপাড়ার নেপাল চন্দ্র (৩০), দিনাজপুরের ফুলবাড়ির পাড়ইপাড়ার আসলামুজ্জামান (৩৪), সদরের সামাদ, নওগাঁর বদলগাছি উপজেলার গোপালপুর গ্রামের বেলাল (৪৫) ও রাজ্জাক (৫০), বগুড়ার ধুনটের ইব্রাহিম (১৪), একই এলাকার ইনসাফ আলী (৩৫), শিবগঞ্জ উপজেলার ভানুপুরের মন্টু (৪৩), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পরাটারি গ্রামের কবির (২৪) ও সিরাজগঞ্জের বেলকুচির কৃষ্ণ (৩০), শহিদুল (৩৪), আমিনুল ইসলাম (৪৫), মেহেরাব (৩৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, সেতু বিভাগ, ফায়ার সার্ভিস, র্যাব, জেলা ও বঙ্গবন্ধু সেতু থানার পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বু গং, সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার মুজাহিদ উদ্দিন এবং সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ পরিবহনের জন্য জনপ্রতি ১০ হাজার করে টাকা দেওয়া হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে।”
পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, “সাবির হোসেন পরিবহনের বাসটি রং-সাইড দিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি হয়েছে। পুলিশ বাস দুটি জব্দ করেছে।”
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার বেনজন চাম্বু গং, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন ও বিআরটিএ’র সহকারী পরিচালক আশরাফ উজ্জামান।
